ট্রেনে জোরে গান বা ভিডিও শুনলে হতে পারে জেল ও জরিমানা

ট্রেনে যাতায়াতের সময় মোবাইলের স্পিকারে উচ্চস্বরে গান বা ভিডিও চালানো এবং জোরে কথা বলার অভ্যাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। সাদার্ন, সেন্ট্রাল ও ওয়েস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সহযাত্রীদের বিরক্তির কারণ হলে এবার থেকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং ছয় মাসের জেলের মতো বড় শাস্তি হতে পারে। চেন্নাই, পালাক্কাড, তিরুঅনন্তপুরম, তিরুচিরাপল্লী ও মাদুরাই সহ বেশ কয়েকটি স্টেশনে ইতিমধ্যে এই নিয়ম কার্যকর করা হয়েছে। রেলওয়ে অ্যাক্টের ১৪৫ নম্বর ধারা অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখতে এবং অপ্রয়োজনীয় শব্দদূষণ কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন স্টেশন ও ট্রেনে আঞ্চলিক ভাষায় মাইকিং প্রচারের মাধ্যমে যাত্রীদের সচেতন করার কাজ শুরু হয়েছে। রেলকর্মীরাও যাত্রীদের বুঝিয়ে ইয়ারফোন ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। এর আগে চেন্নাই মেট্রো রেল লিমিটেডের পক্ষ থেকেও অনুরূপ কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ট্রেন সফরে অন্যান্য যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে প্রত্যেককে আরও বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে রেল।