বিসর্জনের আনন্দ মুহূর্তে আতঙ্কে বদল! ভেঙে পড়ল প্রতিমা, চাপা পড়লেন একাধিক ব্যক্তি

তুফানগঞ্জের রায়ডাক নদীর ঘাটে দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জনের সময় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার দশমীর দিন জয়হিন্দ ক্লাবের প্রতিমা ট্রলিতে তুলে বিসর্জনের জন্য নিয়ে যাওয়ার সময় আচমকাই তা সামনের দিকে ভেঙে পড়ে। এই ঘটনায় নিরঞ্জনের দায়িত্বে থাকা পুরকর্মীরা প্রতিমার নিচে চাপা পড়েন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁদের উদ্ধার করা হয়। জানা গেছে, দুর্ঘটনায় অন্তত ৩ জন পুরকর্মী আহত হয়েছেন। তবে আশার কথা, তাঁদের আঘাত গুরুতর না হওয়ায় হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি। এই অপ্রত্যাশিত ঘটনায় উৎসবের আনন্দের মাঝে মুহূর্তের মধ্যে নেমে আসে চরম আতঙ্ক।
প্রতিমা ভেঙে পড়ার পর ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। জয়হিন্দ ক্লাব কমিটির সদস্যদের সঙ্গে বিসর্জনের দায়িত্বে থাকা পুরকর্মীদের তুমুল বাকবিতণ্ডা শুরু হয়ে যায়, যার ফলে নদীর ঘাটে প্রতিমা নিরঞ্জনের কাজ সাময়িকভাবে থমকে থাকে। খবর পেয়ে নদীর ঘাটে উপস্থিত পুলিশকর্মীরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং ক্ষুব্ধ উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।