‘মমতাকে দিয়ে আর হবে না, বিজেপিকে হারাতে ভরসা শুধুই রাহুল’: বিস্ফোরণ হুমায়ুন কবীরের!

২০২৯ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ক্ষমতাচ্যুত করতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওপরেই আস্থা রাখার আহ্বান জানালেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর মতে, রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবার বিজেপির কাছে পরাস্ত হয়েছেন এবং বার্ধক্যজনিত কারণে তিনি আর শক্তিশালী বিরোধী মুখ হয়ে উঠতে পারবেন না। ২০২৯ সালে মমতার বয়স ৭৩ বছর পূর্ণ হবে উল্লেখ করে তিনি জানান, তৃণমূল নেত্রীর দল আজ তছনছ হয়ে গেছে, তাই রাজনীতি থেকে অবসরের সময়ে এসে তাঁর পক্ষে বিকল্প প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয়।
বিজেপিকে পরাস্ত করতে হলে বিরোধীদের দ্বিচারিতা বন্ধ করে রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করার বার্তা দিয়েছেন নওদার এই বিধায়ক। তিনি জোর দিয়ে বলেন, রাজ্য বা কেন্দ্র থেকে বিজেপিকে হটানোর জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন এবং একমাত্র রাহুল গান্ধীকে কেন্দ্র করেই সেই বিরোধী জোট গড়ে উঠতে পারে। তৃণমূল ভেঙে যে রাজনীতির সূচনা হয়েছিল, আজ গদ্দারদের কারণে তা ভেঙে পড়েছে দাবি করে তিনি বিজেপি-বিরোধী দলগুলোকে অবিলম্বে একজোট হয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন।