ফুচকার ঘুগনিতে ক্ষতিকর রং থেকে পচা ছানার কেক, পুজো মিটতেই অন্ডালে অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর!

ফুচকার ঘুগনিতে ক্ষতিকর রং থেকে পচা ছানার কেক, পুজো মিটতেই অন্ডালে অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর!

দুর্গাপুজোর মরশুম মিটতেই অন্ডালের উখড়া বাজারে খাবারের দোকানগুলিতে জোরদার অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। বৃহস্পতিবার বিডিও দেবাঞ্জন দত্ত, দুর্গাপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ ঘোষ এবং পুলিশের উপস্থিতিতে বাজপাই মোড় ও স্কুল মাঠ সংলগ্ন এলাকার একাধিক মিষ্টি ও ফুচকার দোকানে হানা দেওয়া হয়। অভিযানে উঠে আসে চাঞ্চল্যকর দৃশ্য। ফুচকার ঘুগনিতে নিষিদ্ধ রাসায়নিক রং মেশানো, মেয়াদ উত্তীর্ণ মশলা ব্যবহার এবং মিষ্টির দোকানে পচা ছানার কেক ও মেয়াদ পার হওয়া পানীয় জল বিক্রির মতো মারাত্মক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ মেলে। আধিকারিকরা সমস্ত বিষাক্ত ও অনুপযোগী খাবার অবিলম্বে নষ্ট করে দেওয়ার নির্দেশ দেন এবং পরীক্ষার জন্য বিভিন্ন উপাদানের নমুনা সংগ্রহ করেন।

উৎসবের মরশুমে খাবারের আকাশছোঁয়া চাহিদাকে কাজে লাগিয়ে জনস্বাস্থ্যের সাথে ছিনিমিনি খেলা রুখতেই এই কড়া পদক্ষেপ। ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ ঘোষ স্পষ্ট জানান, সাধারণ মানুষের পাতে পৌঁছানো খাবারের গুণগত মান ও পরিচ্ছন্নতার সাথে কোনো আপস করা হবে না। ক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই কেবল মিষ্টির দোকান বা ফুচকার স্টল নয়, বরং মিষ্টি তৈরির কারখানাতেও সরাসরি খতিয়ে দেখা হয়েছে। প্রশাসনিক এই আচমকা অভিযানে উখড়া বাজারের অসাধু ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সাধারণ ক্রেতাদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *