১০ নাকি ১১ নভেম্বর, ভাইফোঁটা কবে? মিলিয়ে নিন শুভ সময় ও সঠিক তারিখ!
বাঙালি সনাতন ধর্মে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও কালীপুজোর পরেই অত্যন্ত আনন্দের সাথে পালিত হয় ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া। এই শুভ দিনে দিদি ও বোনেরা তাদের ভাইদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে কপালে টিকা পরিয়ে দেন, যা পারস্পরিক ভালোবাসার সম্পর্ককে আরও সুদৃঢ় করে তোলে। তবে ২০২৬ সালে ভাইফোঁটার সঠিক তারিখ ও সময় নিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে, কারণ কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু ও উৎসব পালনের দিনে খানিক পার্থক্য রয়েছে।
পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালে ভাইফোঁটা পালিত হবে ১১ নভেম্বর, বুধবার। বেণীমাধব শীলের পঞ্জিকা মতে, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে ১০ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টা ৩৭ মিনিটে এবং শেষ হবে ১১ নভেম্বর বুধবার দুপুর ২টো ১১ মিনিটে। ফলে উদয়তিথি মেনে ১১ নভেম্বরই মূলত ভাইফোঁটা পালন করা হবে। এই দিনে কলকাতায় ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার বিশেষ শুভ অপরাহ্ণকাল হলো দুপুর ১২টা ২৭ মিনিট থেকে দুপুর ২টো ১১ মিনিট পর্যন্ত।