অন্যের সন্তান বাঁচালেও নিজের ছেলেকে রক্ষা করা গেল না, চোরবাগানের ভিড়ে মর্মান্তিক পরিণতি আগরপাড়ার প্রাঞ্জলের
October 22, 20268:23 pm

চোরবাগানের পুজোর ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারাল আগরপাড়ার তেরো বছরের কিশোর প্রাঞ্জল সরকার। ভিড়ের চাপে অন্য শিশুদের বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তাঁর বাবা অনুকূল সরকার। একের পর এক অচেনা শিশুকে নিরাপদে সরিয়ে দিলেও মুহূর্তের অসাবধানতায় ভিড়ের ভিড়ে হারিয়ে যায় তাঁর নিজের সন্তান। পরবর্তীতে বহু খোঁজাখুঁজির পর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রাঞ্জলকে মৃত বলে ঘোষণা করেন।
পুজোর আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বাড়ি জুড়ে ছড়িয়ে রয়েছে প্রাঞ্জলের সাঁতারের সমস্ত পদক ও সাফল্যের স্মারক। আগামী রবিবার মেঘালয়ে বেড়াতে যাওয়ার কথা ছিল গোটা পরিবারের। কিন্তু মর্মান্তিক এই দুর্ঘটনায় সমস্ত পরিকল্পনা চিরতরে ভেঙে গেছে এবং সন্তানহারা বাবা-মায়ের চোখে এখন শুধুই জল।