ছেঁড়া নোট না নেওয়ায় চড়! অপমানে বিষ খেয়ে আত্মঘাতী অনলাইন ডেলিভারি এজেন্ট

ছেঁড়া নোট না নেওয়ায় চড়! অপমানে বিষ খেয়ে আত্মঘাতী অনলাইন ডেলিভারি এজেন্ট

দিল্লির বিনোদ নগর এলাকায় ছেঁড়া ১০ টাকার নোট নিতে অস্বীকার করায় এক অনলাইন ডেলিভারি এজেন্টকে মারধরের অভিযোগ উঠল। আত্মসম্মান বাঁচাতে শেষ পর্যন্ত বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন ২৩ বছরের সমীর হুসেন। গত মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার আগে রেকর্ড করা একটি ভিডিওতে তিনি অভিযুক্ত ক্রেতা রামপাল সিংহের বিরুদ্ধে মারধর ও গালিগালাজের চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৪ অক্টোবর রাতে একটি অর্ডারের ডেলিভারি দিতে গিয়ে ওই ঘটনার শিকার হন সমীর। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ নম্বর ধারায় আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তবে এই মর্মান্তিক ঘটনায় দেশের ডেলিভারি এজেন্টদের নিরাপত্তা ও তাঁদের কর্মপরিবেশ নিয়ে ফের গুরুতর প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। সমীরের শেষ ভিডিওর আর্তি, ‘গরিব হওয়া কি অপরাধ?’ বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *