দুর্গাপুজোয় শিয়ালদহ ডিভিশনে ভিড়ের সর্বকালের সব রেকর্ড চূর্ণ, ৫ দিনেই অবিশ্বাস্য যাত্রীসমাগম

দুর্গাপুজোর উৎসবের মরশুমে যাত্রী পরিবহনে ঐতিহাসিক নতুন রেকর্ড তৈরি করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। ষষ্ঠী থেকে দশমী, পুজোর এই মাত্র পাঁচ দিনেই শিয়ালদহের আওতাধীন বিভিন্ন স্টেশন দিয়ে যাতায়াত করেছেন প্রায় ২ কোটি ৬৩ লক্ষ ৩৯ হাজার ৬৯৮ জন যাত্রী। যা গত বছরের তুলনায় প্রায় ৩৩.৪৪ শতাংশ বেশি। উৎসবকাল এক দিন বেশি হওয়া এবং যাত্রীদের সুবিধার্থে মোট ২৬৬টি বিশেষ লোকাল ট্রেন চালানোর ফলেই এই নজিরবীয় সাফল্য এসেছে। পুজোর দিনগুলিতে শিয়ালদহ, দমদম, বিধাননগর রোড, সোনারপুর, বালিগঞ্জ, রানাঘাট ও কল্যাণীর মতো স্টেশনগুলিতে বিপুল সমাগম দেখা যায়। বিশেষ করে কল্যাণী স্টেশনে যাত্রীসংখ্যা বৃদ্ধির হার ছিল চোখ পড়ার মতো, প্রায় ১৪.০১ শতাংশ।
বিপুল ভিড় সামাল দিতে এবং যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে রেলের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। উৎসবের মরশুমে শহর ও শহরতলির যাতায়াতে লোকাল ট্রেনের ওপর আমজনতার চরম নির্ভরতার চিত্রই ফের স্পষ্ট হলো। এই অভূতপূর্ব সাফল্যের পর শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা সমস্ত বিভাগের আধিকারিক ও কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন। তাঁর মতে, বিশেষ ট্রেন পরিচালনা, সঠিক ভিড় নিয়ন্ত্রণ এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই বিশাল যাত্রীচাপ সুচারুভাবে সামলানো সম্ভব হয়েছে। সব মিলিয়ে দুর্গাপুজোর মরশুমে শিয়ালদহ ডিভিশন যাত্রী পরিষেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।