সিনেমা দেখতে গিয়ে পচা প্যাটিস! দুর্গাপুরের মাল্টিপ্লেক্সে হুলুস্থুল কাণ্ড

দুর্গাপুরের একটি জনপ্রিয় মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে খাবারের গুণমান নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মিন্টু মুখোপাধ্যায় নামের এক দর্শক। কাউন্টার থেকে কেনা প্যাটিসে কামড় দিতেই তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করে। কর্মীরা সঙ্গে সঙ্গে খাবারটি বদলে দেওয়ার প্রস্তাব দিলেও, এই ঘটনায় চরম ক্ষুব্ধ হন ওই ব্যক্তি। ঘটনার জেরে সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তিনি ইতিমধ্যেই সিটি সেন্টার পুলিশ ফাঁড়ি এবং খাদ্য সুরক্ষা দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারীর মতে, শুধুমাত্র খাবার বদলে দেওয়া এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। মাল্টিপ্লেক্সের মতো অভিজাত স্থানে এ ধরনের পচা ও বাসি খাবার বিক্রির ফলে শিশুসহ সাধারণ দর্শকদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারির জোরালো দাবি জানিয়েছেন তিনি।