জগদ্দলে হঠাৎ সিআইডির হানায় তোলপাড়! সোমনাথ শ্যামের শ্বশুরবাড়িতে সাঁটানো নোটিস ছিঁড়ল কে?

উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাবু কোয়ার্টার এলাকায় রাজ্যের প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যামের শ্বশুরবাড়িতে সিআইডি আধিকারিকদের হঠাৎ উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে গোয়েন্দা প্রতিনিধিদল তাঁর শ্বশুরবাড়িতে গিয়ে দেওয়ালে একটি নোটিস সাঁটিয়ে দেয় বলে জানা গেছে। সোমনাথ শ্যামের বিরুদ্ধে জমা পড়া একাধিক অভিযোগের তদন্ত ও জিজ্ঞাসাবাদের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে সিআইডি আধিকারিকরা এলাকা ছাড়তেই সাঁটানো সেই নোটিস ছিঁড়ে ফেলা হয় বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে। প্রাক্তন বিধায়কের শ্যালক সঞ্জয় সাউ সিআইডির উপস্থিতির বিষয়টি স্বীকার করলেও নোটিস ছেঁড়ার ঘটনা অস্বীকার করেছেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের দাবি ঘিরে বর্তমানে পুরো এলাকায় চরম কৌতুহল সৃষ্টি হয়েছে। নোটিসের মূল বিষয়বস্তু কী ছিল তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে।