এক ধাক্কায় ক্যানসারের ওষুধের দাম কমলো ৯৩ শতাংশ, সুপ্রিম ক্ষোভের পরেই কেন্দ্রের নজিরবিহীন সিদ্ধান্ত!

এক ধাক্কায় ক্যানসারের ওষুধের দাম কমলো ৯৩ শতাংশ, সুপ্রিম ক্ষোভের পরেই কেন্দ্রের নজিরবিহীন সিদ্ধান্ত!

জীবনদায়ী ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের বেলাগাম দাম নিয়ে হাসপাতাল, ওষুধ সংস্থা এবং কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। ১১ হাজার টাকার ইনজেকশন ১.৩০ লক্ষ টাকায় বিক্রি করার মতো অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ভারতের ওষুধ মূল্য নিয়ন্ত্রক সংস্থা ‘এনপিপিএ’ ক্যানসারের ১৩৭টি গোত্রের ৫৪৩টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য এক ধাক্কায় ৯০ শতাংশেরও বেশি কমিয়ে দিয়েছে। আগামী ৯ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই সংশোধিত মূল্যের ফলে স্তন ক্যানসারের নির্দিষ্ট কিছু ওষুধ, যেমন ৪০,৪২১ টাকার ‘পালবোসিক্লিব’ মিলবে মাত্র ২,৭২০ টাকায়। ক্যানসাররোধী ওষুধের ক্ষেত্রে বিক্রির মুনাফা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছে।

বেসরকারি হাসপাতালগুলির অনিয়ন্ত্রিত মুনাফা ও অতিরিক্ত বিল তৈরির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে শীর্ষ আদালত জানায়, রোগীদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সরকারের দায়িত্ব। তবে এই মূল্য হ্রাসের তালিকায় ‘কিট্রুডা’র মতো কিছু মহার্ঘ ইমিউনোথেরাপির ওষুধের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বহু আন্তর্জাতিক সংস্থার বহুল ব্যবহৃত ওষুধ এই তালিকার বাইরে রয়ে গিয়েছে। তা সত্ত্বেও, সুপ্রিম কোর্টের এই কঠোর অবস্থানের পর সরকারের নেওয়া সিদ্ধান্তটি সাধারণ রোগী ও তাঁদের পরিবারকে অনেক বড় আর্থিক স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *