স্বামীকে সরানোর ভয়াবহ ছক! জিম ট্রেনারের প্রেমে অন্ধ স্ত্রীর কাণ্ডে তোলপাড়

উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর পরকীয়ার জেরে স্বামীকে নৃশংসভাবে খুনের চেষ্টার ঘটনা সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, চার বছর আগে শশাঙ্কের সঙ্গে প্রিয়া শর্মার বিয়ে হয়, যা ছিল প্রিয়ার দ্বিতীয় বিয়ে। প্রতিদিন সকালে দৌড়োতে গিয়ে জিম প্রশিক্ষক প্রতাপ সিংহের সঙ্গে প্রিয়ার পরিচয় হয় এবং পরবর্তীতে তিনি প্রতাপের জিমে ভর্তি হন। সেখান থেকেই গড়ে ওঠে তাঁদের মধ্যে গভীর প্রণয়ের সম্পর্ক। কিন্তু তাঁদের বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনার মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন স্বামী শশাঙ্ক। তাই তাঁকে চিরতরে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রিয়া ও তাঁর প্রেমিক।
পরিকল্পনা অনুযায়ী বসুন্ধরা এলাকায় শশাঙ্কের ওপর অতর্কিতে প্রাণঘাতী হামলা চালানো হয় এবং প্রতাপ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে প্রায় ১২ বার কোপায় বলে অভিযোগ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় শশাঙ্ককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও যুবকের বক্তব্যের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ প্রিয়া শর্মা ও তাঁর প্রেমিক প্রতাপ সিংকে হেফাজতে নেয়। টানা জিজ্ঞাসাবাদের পর ঘটনার সত্যতা স্পষ্ট হলে গত মঙ্গলবার পুলিশ দু’জনকেই গ্রেপ্তার করেছে। মূল অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও পুলিশ ইতিমধ্যেই উদ্ধার করেছে।