স্বাস্থ্যসাথীতে ৩০ লক্ষ ভুয়ো কার্ড! কোষাগারের ২৫ হাজার কোটি টাকা কি তবে জলে?

রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তাদের তথ্য যাচাই করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিগত সরকারের আমলের প্রায় ৩০ লক্ষেরও বেশি উপভোক্তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ডধারীদের আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করতেই এই বিশাল দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। নবান্ন সূত্রে জানা গেছে, এই ভুয়ো উপভোক্তাদের পরিষেবা দিতে গিয়ে রাজ্যের কোষাগার থেকে আনুমানিক প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে সংশ্লিষ্ট দপ্তরকে ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, উপভোক্তাদের তথ্য যাচাই করে তাঁদের কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী বিমা যোজনার আওতায় আনার কাজ চলছে। তবে বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের সময় দেখা যাচ্ছে, অনেকের কার্ড থাকলেও বাস্তবে তাঁদের কোনো অস্তিত্বই নেই। প্রশাসনের ধারণা, শুধু স্বাস্থ্যসাথী প্রকল্পেই নয়, অন্যান্য বহু ক্ষেত্রেই বিগত সরকারের আমলে এমন ভুয়ো উপভোক্তার জাল বিস্তৃত থাকতে পারে।