অষ্টম বেতন কমিশনে ৭% ইনক্রিমেন্টের প্রস্তাব, ১০ বছরে কেন্দ্রীয় কর্মীদের বেতন কত বাড়বে?

অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে তুমুল জল্পনা চলছে। সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকে কর্মচারী ও পেনশনভোগী সংগঠনগুলির প্রতিনিধিরা অংশ নেন। এতে বর্তমান ৩ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের হার বাড়িয়ে ৬ থেকে ৭ শতাংশ করার জোরালো দাবি জানানো হয়েছে। এনসি-জেসিএম, এআইডিইএফ ও এফএনপিও-র মতো শীর্ষ সংগঠনগুলি ৬ শতাংশ বার্ষিক বৃদ্ধির সুপারিশ করলেও, এআইএনপিএসইএফ সরাসরি ৭ শতাংশ ইনক্রিমেন্টের প্রস্তাব দিয়েছে। সংগঠনগুলির যুক্তি, বার্ষিক ইনক্রিমেন্ট বাড়লে বেতন কমিশনের প্রতি ১০ বছরের দীর্ঘ অপেক্ষার ওপর নির্ভরতা কমবে এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সংগতি রেখে কর্মচারীরা দ্রুত আর্থিক স্থায়িত্ব পাবেন।
যদি এই দাবি মেনে ২.২৮ ফিটমেন্ট ফ্যাক্টর এবং ৫ থেকে ৭ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট কার্যকর হয়, তবে আগামী ১০ বছরে কর্মচারীদের মূলে এক চমকপ্রদ পরিবর্তন আসবে। আনুমানিক হিসেব অনুযায়ী, লেভেল ৯ (বর্তমান মূল বেতন ৫৩,১০০ টাকা), লেভেল ১০ (৫৬,১০০ টাকা) এবং লেভেল ১১ (৬৭,৭০০ টাকা)-র কর্মীরা ১০ বছরে যথাক্রমে প্রায় ৩৪ লক্ষ, ৩৬ লক্ষ এবং ৪৩ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত মূল বেতন পেতে পারেন। ৭ শতাংশ হারে বৃদ্ধি পেলে মাত্র সাত-আট বছরেই মূল বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি সম্পূর্ণ একটি আনুমানিক হিসেব; সরকারি বিজ্ঞপ্তি জারি হলেই চূড়ান্ত ইনক্রিমেন্টের হার স্পষ্ট হবে।