হাড়দার বিখ্যাত জিলিপি, মানতে হবে স্বাস্থ্যবিধি! না হলেই কড়া পদক্ষেপ

উৎসবের মরশুমে ঝাড়গ্রামের বিনপুর দুই ব্লকের হাড়দা গ্রামের বিখ্যাত জিলিপির দোকানে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। লক্ষ্মীপুজো উপলক্ষ্যে প্রতিদিন গড়ে চার টন জিলিপি বিক্রি হওয়া এই ঐতিহ্যবাহী মিষ্টির দোকানে পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন আধিকারিকরা। চাল ও বিউলির ডালের গুঁড়ি দিয়ে তৈরি এই জিলিপিতে কোনো রং ব্যবহার না করায় সন্তোষ প্রকাশ করা হলেও, খাবার তৈরির সময় মাথায় ক্যাপ ও হাতে গ্লাভস বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে পূর্ব মেদিনীপুরের চৈতন্যপুর বাজার এলাকায় পৃথক অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর ও পুলিশ। রাস্তার ধারের হোটেল, রেস্তরাঁ ও মিষ্টির দোকানগুলিতে বাসি খাবার, পচা মাংস এবং অপরিচ্ছন্ন রান্নাঘর দেখতে পেয়ে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়। দোকানগুলিকে প্রথম পর্যায়ে সতর্ক করে নোটিস দেওয়া হয়েছে এবং আগামী সাতদিনের মধ্যে সমস্ত ত্রুটি সংশোধন করার কঠোর নির্দেশ দিয়েছেন আধিকারিকরা।