স্ক্রিপ্টেড রিয়েলিটি শো-এর তত্ত্বে জল ঢাললেন ভরত কল, ঝরিয়েছেন ৮ কেজি ওজন!

স্ক্রিপ্টেড রিয়েলিটি শো-এর তত্ত্বে জল ঢাললেন ভরত কল, ঝরিয়েছেন ৮ কেজি ওজন!

‘বিগ বস বাংলা’র সফর শেষ করে বাড়ি ফিরে নিজের অভিজ্ঞতা ও নানান অজানা কথা শেয়ার করলেন জনপ্রিয় অভিনেতা ভরত কল। লক্ষ্মীপুজোর দিন তাঁর সফর শেষ হলেও, পরিবারকে ছেড়ে মুম্বইয়ে কাটানো দিনগুলি তাঁর কাছে ছিল এক অনন্য শিক্ষণীয় অভিজ্ঞতা। উৎসবের মরশুমে পরিবার ও প্রিয়জনদের মিস করলেও সহ-প্রতিযোগীদের সঙ্গে কাটানো মুহূর্ত এবং নানা গেমের সুবাদে সময় কেটেছে দারুণভাবে। সহ-প্রতিযোগী তনুশ্রীর সঙ্গে শুরুর দিকের ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। তনুশ্রীর হাতের রান্নার প্রশংসা করার পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন, শো-এর ভেতরের সমস্ত মনকষাকষি বা বিতর্ক কেবলই খেলার অংশ ছিল। বাড়ি ফিরে সেই সমস্ত নেতিবাচক স্মৃতি মনে রাখতে নারাজ অভিনেতা, বরং মনামী, সৃজলা ও জীতুদের সঙ্গে তৈরি হওয়া সুসম্পর্ককেই পাথেয় করতে চান তিনি।

‘বিগ বস’-এর ঘরে দীর্ঘ দু’মাসের কঠিন রুটিনে থেকে অভিনেতার যেমন ৮ কেজি ওজন ঝরেছে, তেমনই জীবন সম্পর্কে এসেছে এক নতুন উপলব্ধি। ঘড়ি ধরে কাজ, নির্দিষ্ট সময়ে ঘুম এবং শৃঙ্খলাবদ্ধ জীবন তাঁকে শিখিয়েছে দায়িত্ববোধ। এছাড়া সেলফোন ছাড়া দীর্ঘ সময় কাটানোর অভ্যাসের কথা বলতে গিয়ে তিনি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রসঙ্গও টেনেছেন। শোটি আদৌ স্ক্রিপ্টেড কি না, এই প্রশ্নের জবাবে ভরত সাফ জানিয়েছেন যে সারাদিন অভিনয় করে চিত্রনাট্য মুখস্থ করা সম্ভব হলেও, এমন একটি রিয়েলিটি শো-তে সারাদিন স্ক্রিপ্ট মেনে কথা বলা সম্পূর্ণ আসাম্ভব। আপাতত পরিবারকে সময় দেওয়া এবং কিছুদিনের বিশ্রাম শেষে ফের নিজের চিরচেনা কর্মজগতে ফিরতে প্রস্তুত এই অভিনেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *