ছুটি পরিকল্পনায় জল! ১ ও ২ নভেম্বর হাওড়া থেকে বাতিল একগুচ্ছ ট্রেন, জেনে নিন সম্পূর্ণ তালিকা
রেললাইনের রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের কাজের জেরে আগামী ১ ও ২ নভেম্বর হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ট্রাফিক ও পাওয়ার ব্লক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে এই দুই দিন একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। ফলে যাঁরা এই দিনগুলিতে যাতায়াতের পরিকল্পনা করছেন, তাঁদের যথেষ্ট বিপাকে পড়তে হতে পারে।
রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া থেকে ব্যান্ডেল, বর্ধমান, গোঘাট, পাণ্ডুয়া, মেমারি এবং কাটোয়া সহ একাধিক রুটের বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া ও রামপুরহাট সহ অন্যান্য স্টেশন থেকেও বহু ট্রেন নির্দিষ্ট দিনে ছাড়বে না। অন্যদিকে, রক্ষণাবেক্ষণের কাজের কারণে হাওড়া থেকে জামালপুর কবিগুরু এক্সপ্রেস, হাওড়া ও রামপুরহাটের মধ্যে চলা শহিদ এক্সপ্রেস এবং হাওড়া-জয়নগর এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলির ছাড়ার সময় এক থেকে দুই ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।