উচ্চ মাধ্যমিকে কি বাতিল হচ্ছে সেমিস্টার পদ্ধতি? জল্পনার মধ্যেই বড় ইঙ্গিত শিক্ষা দফতরের!

রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে চালু হওয়া সেমিস্টার পদ্ধতি তুলে দেওয়ার জোর জল্পনা শুরু হয়েছে। গত দু’বছর ধরে এই ব্যবস্থায় পরীক্ষা হলেও শিক্ষকদের একাংশের তীব্র আপত্তি ছিল। তাঁদের দাবি, সেমিস্টার পদ্ধতিতে পড়ুয়ারা কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না। এই পরিস্থিতিতে সেমিস্টার প্রথা বাতিল করে পুরনো নিয়ম ফিরিয়ে আনার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে রাজ্যের শিক্ষা দফতর। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই পরীক্ষার নিয়মে এই বড় বদল আসতে পারে।
নতুন শিক্ষামন্ত্রী এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। বিকাশ ভবনে শিক্ষা সংসদের সঙ্গে ইতিবাচক বৈঠকও হয়েছে। খোদ শিক্ষামন্ত্রীও স্বীকার করেছেন যে, সেমিস্টার পদ্ধতিতে পড়ুয়াদের পর্যাপ্ত সুবিধা না পাওয়ার বিষয়ে বহু শিক্ষক তাঁকে মতামত জানিয়েছেন। একজন শিক্ষক হিসেবে তিনি নিজে বিষয়টি খতিয়ে দেখছেন। সবমিলিয়ে, বর্তমান সেমিস্টার ব্যবস্থা পুরোপুরি তুলে দিয়ে ফের ঐতিহ্যবাহী নিয়মে ফিরে যাওয়ার প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে।