ঘূর্ণিঝড় অর্ণবের ধাক্কায় সিকিমে ভারী তুষারপাত, বরফে ঢাকল নাথু লা!

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর পরোক্ষ প্রভাবে আচমকাই তুষারাবৃত রূপকথার রাজ্যে পরিণত হয়েছে উত্তর সিকিম। পাকিয়ং জেলার কুপুপ, নাথাং উপত্যকা এবং চিন সীমান্ত সংলগ্ন নাথু লা এলাকা ঢেকে গিয়েছে পুরু বরফের চাদরে। হঠাৎ তাপমাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার পাশাপাশি সমতল ও নিচু পাহাড়ি এলাকায় অবিরাম বৃষ্টিপাত চলছে। তবে মেঘলা আকাশ, বৃষ্টি ও কনকনে ঠান্ডা উপেক্ষা করেই উত্তর সিকিমের জিরো পয়েন্ট, লাচেন এবং লাচুংয়ে উপস্থিত পর্যটকরা এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগে আনন্দে মেতে উঠেছেন।
তবে মনোরম সৌন্দর্যের পাশাপাশি পাহাড়ে তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। অতিরিক্ত বরফ জমার কারণে রাস্তায় ‘ব্ল্যাক আইস’ সৃষ্টি হওয়ায় জওহরলাল নেহেরু রোডের কিছু অংশ ও নাথু লা-য় সাময়িকভাবে যানবাহন ও পর্যটকদের যাতায়াত বন্ধ রেখেছে প্রশাসন। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক দিন অঞ্চলটিতে তাপমাত্রা কম থাকার পাশাপাশি আরও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ফলে যেকোনো দুর্ঘটনা এড়াতে সিকিমে অবস্থানরত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।