বাংলাদেশি ঘুসপেটিয়াদের বাঁচাতেই রাহুলের রামলীলা! ‘দিদির সুপরা সাফ’, হায়দরাবাদে শাহের বিস্ফোরক তোপ

রবিবার দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডি’ জোটের সমাবেশ থেকে ইভিএম কারচুপি ও ভোটার তালিকা থেকে সাড়ে ১৩ কোটি নাম বাদ পড়ার অভিযোগে নরেন্দ্র মোদির জয়কে বেআইনি দাবি করেছিলেন রাহুল গান্ধী। সেই আক্রমণের চড়া জবাব দিয়ে সোমবার হায়দরাবাদের জনসভা থেকে সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধী জোটকে তীব্র কটাক্ষ করে তিনি সাফ জানান, কংগ্রেসের এই ‘ভোট বাঁচাও’ মিছিলের আসল উদ্দেশ্য ইভিএম রক্ষা নয়, বরং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আড়াল করা। একই সঙ্গে তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে শাহ দাবি করেন, পশ্চিমবঙ্গে ‘দিদির সুপরা সাফ’ হয়ে গিয়েছে।
ভোটার তালিকায় দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইভিএম ও এসআইআর নিয়ে বিরোধীদের সঙ্গে খোলা আলোচনার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি পাল্টা প্রশ্ন তোলেন, ইভিএম-এ কারচুপি থাকলে তেলেঙ্গানা বা কেরালায় কীভাবে কংগ্রেস সরকার গড়ল? মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত কি না, সেই প্রশ্ন তুলে শাহ রাহুলের পরিসংখ্যানকে সম্পূর্ণ মিথ্যা বলে বারেবারে তোপ দাগেন। এমনকি অতীতে কংগ্রেস শাসনের দুর্নীতির খতিয়ান তুলে ধরে দেশের জনগন মোদি সরকারের ওপর আস্থা রেখেছেন বলেই দাবি করেন তিনি।