নৈহাটির বড়মা থেকে বারাসাতের বিখ্যাত পুজো, রাত জেগে দেখতে রেলের মেগা সারপ্রাইজ

নৈহাটির বড়মা থেকে বারাসাতের বিখ্যাত পুজো, রাত জেগে দেখতে রেলের মেগা সারপ্রাইজ

দুর্গাপুজোর সাফল্যের পর এবার কালীপুজো ও দীপাবলিতে দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিশেষ নাইট স্পেশাল ইএমইউ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত শিয়ালদা, ডানকুনি, বারাসাত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং ব্যারাকপুর রুটে মোট ৬ জোড়া বা ১২টি অতিরিক্ত স্পেশাল ট্রেন চলবে। এই ট্রেনগুলি প্রতিটি স্টেশনেই থামবে। রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত আপ ও ডাউন উভয় দিকেই চলাচলের ব্যবস্থা থাকছে। এছাড়া নৈহাটি ও বারাসাতের ভিড় সামলাতে স্ট্যান্ডবাই এসি রেক এবং কালীতলায় বিশেষ মোটর কোচের সুবিধা রাখা হয়েছে।

রেল সূত্রে খবর, উৎসবের দিনগুলিতে নৈহাটি জংশনে ৮ থেকে ১৩ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল বন্ধ রেখে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। নাইট স্পেশাল আপ ট্রেনগুলির মধ্যে রয়েছে শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-বারাসাত, বারাসাত-হাসনাবাদ, বারাসাত-বনগাঁ, শিয়ালদা-রানাঘাট এবং শিয়ালদা-ব্যারাকপুর লোকাল। একইসঙ্গে ফেরত আসার জন্য ডাউন রুটগুলিতেও মধ্যরাত পর্যন্ত ট্রেন চালু থাকবে। দূরদূরান্তের দর্শনার্থীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ঠাকুর দেখে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতেই পূর্ব রেলের এই বিশেষ উদ্যোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *