পরমাণু হামলার তীব্র আশঙ্কা, দেশবাসীকে বাঁচতে জরুরি ভিডিও নির্দেশিকা দিল ইরান

পরমাণু হামলার তীব্র আশঙ্কা, দেশবাসীকে বাঁচতে জরুরি ভিডিও নির্দেশিকা দিল ইরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু হামলার আশঙ্কায় দেশজুড়ে নজিরবিহীন সতর্কতা জারি করেছে ইরান। সরকারি সংবাদমাধ্যম আইআরএনএ একটি আট মিনিটের বিশেষ নির্দেশিকা ভিডিও প্রকাশ করে সাধারণ জনগণকে বিস্ফোরণ ও তেজস্ক্রিয়তা থেকে সুরক্ষার উপায় জানিয়েছে। দেশের প্যাসিভ ডিফেন্স উইক উপলক্ষে প্রকাশিত এই বার্তায় নাতানজ পরমাণু কেন্দ্রের নিকটবর্তী এলাকাসহ সমগ্র দেশের অধিবাসীদের ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্র বা বেসমেন্টে অবস্থান নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানলা থেকে দূরে থাকা, বহিরাগত বাতাস প্রবেশকারী এসি বা ভেন্টিলেশন বন্ধ রাখা এবং বিস্ফোরণের সরাসরি আলোর দিকে না তাকানোর স্পষ্ট নির্দেশ রয়েছে।

বিস্ফোরণের পরবর্তী ভয়াবহ তেজস্ক্রিয় প্রভাব ও ইলেক্ট্রোম্যাগনেটিক পালসের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে বলে ব্যাটারিচালিত রেডিও ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে। খোলা জায়গায় আটকে পড়লে মাটিতে শুয়ে মাথা ও মুখ ঢেকে সুরক্ষার নিয়মও বাতলে দিয়েছে ইসফাহান প্রদেশের জরুরি পরিষেবা বিভাগ। চিকিৎসকের পরামর্শ ছাড়া পোটাসিয়াম আয়োডিন বা প্রুশিয়ান ব্লুর মতো ওষুধ সেবনে কড়া সতর্কতা জারি করা হয়েছে। আমেরিকা ও ইজরায়েলের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখে তেহরানের এমন অভূতপূর্ব পদক্ষেপ বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *