বিদ্যুৎ সংযোগের নামে বড় দুর্নীতি! এসিবি-র জালে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের আধিকারিক!

উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে নতুন বিদ্যুৎ সংযোগ এবং ট্রান্সফর্মার বসানোর নাম করে কুড়ি হাজার টাকা ঘুষ নেওয়ার সময় পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)-র হাতে হাতেনাতে ধরা পড়লেন রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের এক আধিকারিক। সম্প্রতি এলাকার এক বাসিন্দা এই মর্মে দুর্নীতিদমন শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন যে, একটি নতুন বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় ৩১৫ কেভিএর ট্রান্সফর্মার বসানোর কাজ সুসম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ওই আধিকারিক অনৈতিকভাবে ২০ হাজার টাকা দাবি করেছেন।
অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্তে নেমে এসিবি মঙ্গলবার পূর্বপরিকল্পিত একটি ফাঁদ পাতে। নির্দিষ্ট সময়ে অভিযোগকারী যখন ঘুষের সেই নির্দিষ্ট পরিমাণ অর্থ ওই আধিকারিকের হাতে তুলে দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই ওঁত পেতে থাকা এসিবির আধিকারিকেরা তাঁকে পাকড়াও করেন। আইনগত নিয়ম ও প্রক্রিয়া মেনে ঘুষের সমস্ত অর্থই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বিদ্যুৎ দপ্তরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।