হাইকোর্টের নির্দেশ তুচ্ছ করে ১৬ বছর ধরে আটকে পেনশন! অসহায় বৃদ্ধার লড়াই কি শেষ হবে না?

হাইকোর্টের নির্দেশ তুচ্ছ করে ১৬ বছর ধরে আটকে পেনশন! অসহায় বৃদ্ধার লড়াই কি শেষ হবে না?

 

পেনশন না মেলায় আদালত অবমাননার অভিযোগ, ফের হাইকোর্টের দ্বারস্থ বৃদ্ধা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর ধরে পেনশন না পাওয়ার অভিযোগ তুলে এবার আদালত অবমাননার মামলা দায়ের করলেন এক বৃদ্ধা। আদালতের নির্দেশ সত্ত্বেও পেনশন চালু না হওয়ায় শেষ পর্যন্ত ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা সোমা ঘোষ।

আদালত সূত্রে জানা গিয়েছে, সোমা ঘোষের স্বামী তরুণ কুমার ঘোষ রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ২০১০ সালে কর্মরত অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর থেকেই পরিবারটি পেনশন পাওয়ার জন্য আবেদন জানিয়ে আসছিল। অভিযোগ, দীর্ঘ ১৬ বছর অতিক্রান্ত হলেও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

মামলা চলাকালীন রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছিল, পেনশন সংক্রান্ত অধিকাংশ কাজই শেষ হয়েছে। শালবনির সংশ্লিষ্ট দপ্তর থেকে নথিপত্র রাজ্যের অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের (এজি) দপ্তরে পাঠানোর প্রক্রিয়াটিই শুধু বাকি ছিল। দপ্তরের দাবি ছিল, এই বিলম্ব ইচ্ছাকৃত নয়।

এর প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়। আদালতের নির্দেশ ছিল, গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় নথি এজি দপ্তরে পাঠিয়ে পেনশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী নথি পাঠানো হয়েছে বলেও এজি দপ্তরের তরফে জানানো হয়। কিন্তু তারপরও পেনশন না পাওয়ায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন আবেদনকারী। সমস্ত নথি জমা দেওয়ার পরেও কেন পেনশন আটকে রয়েছে, সেই প্রশ্ন তুলেই ফের আদালতের দ্বারস্থ হয়েছেন সোমা ঘোষ। এই ঘটনায় প্রশাসনিক স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *