ভয়ংকর সাইবার হানা! ফ্রান্সের ব্লাডব্যাঙ্কে রক্ত নষ্টের ছক হ্যাকারদের

ভয়ংকর সাইবার হানা! ফ্রান্সের ব্লাডব্যাঙ্কে রক্ত নষ্টের ছক হ্যাকারদের

 

ফ্রান্সে রক্ত সঞ্চালনের জন্য সংরক্ষিত প্লাজমার সুরক্ষায় সাইবার হামলার আতঙ্ক

প্যারিস: ফ্রান্সের জাতীয় রক্ত সংস্থা (ইএফএস)-এর শীতলীকরণ পরিষেবা প্রদানকারী সংস্থা ‘কুলওয়ার্ল্ড’-এ সাইবার হামলার ঘটনা ঘটেছে। গত ১ ও ২ নভেম্বরের মধ্যবর্তী রাতে এই হামলার জেরে রোগীদের রক্ত সঞ্চালনের জন্য সংরক্ষিত প্লাজমার সুরক্ষা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফরাসি সংবাদমাধ্যম ‘লে কানার আঁশেনে’-র প্রতিবেদনের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ‘সাইবারঅ্যাটাক’।

প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের বুরগুন্দি-ফ্রঁশ-কঁতে অঞ্চলের বেশ কয়েকটি কেন্দ্র এই হামলার কবলে পড়ে। শুরুতে রক্তের নমুনা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানা গেলেও, পরবর্তীতে ইএফএস জানায়, রোগীদের শরীরে সঞ্চালনের জন্য রাখা প্লাজমাও এই ঝুঁকির আওতায় ছিল।

ঘটনার সূত্রপাত হয় রাতের দায়িত্বে থাকা এক প্রযুক্তিবিদের নজরে আসা অস্বাভাবিক তাপমাত্রার ওঠানামা থেকে। তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্মীদের অবহিত করায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিষেবা পরিচালনায় কোনো বিঘ্ন ঘটেনি। এখন পর্যন্ত কোনো প্লাজমা নষ্ট হওয়া বা রোগীর ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাইবার হামলায় শীতলীকরণ যন্ত্রের নিয়ন্ত্রণ ব্যবস্থায় ১১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রদর্শিত হয়েছিল বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞদের মতে, এটি যন্ত্রের ত্রুটিপূর্ণ প্রদর্শিত মান হতে পারে। হিমঘরের ভেতরের প্রকৃত তাপমাত্রা এতটা বৃদ্ধির কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্লাজমা সাধারণত মাইনাস ২৫ ডিগ্রি বা তার কম তাপমাত্রায় রাখা হয়, তাই তাপমাত্রা বাড়লে তা গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি করে।

এই হামলার নেপথ্যে কারা রয়েছে বা কুলওয়ার্ল্ডের নিরাপত্তা ব্যবস্থায় কীভাবে অনুপ্রবেশ ঘটল, তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনা চিকিৎসা পরিকাঠামোয় সাইবার হামলার ভয়াবহতা নতুন করে সামনে আনল। বিশেষজ্ঞ মহলের মতে, স্বাধীন তাপমাত্রা পর্যবেক্ষণ ব্যবস্থা এবং কর্মীদের দ্রুত তৎপরতাই আপাতত বড় ধরনের বিপদ থেকে রোগীদের রক্ষা করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *