কালীপুজোয় গভীর রাত পর্যন্ত ঠাকুর দেখবেন? জেনে নিন কীভাবে বাড়ি ফিরবেন!

কালীপুজো ও দীপাবলিতে নাইট সাফারি বা রাতভর মণ্ডপ দর্শনের মেজাজে থাকা দর্শনার্থীদের জন্য বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। গভীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে ভোগান্তি এড়াতে শিয়ালদহ ডিভিশনে আগামী ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত চালানো হবে ৬ জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন। শিয়ালদহ, ডানকুনি, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং ব্যারাকপুরের মধ্যে এই পরিষেবা মিলবে। প্রতিটি স্টেশনে ট্রেনগুলি থামায় যাত্রীরা অনায়াসে নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবেন। আচমকা যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে শিয়ালদহ উত্তর, রানাঘাট ও বারাসতে চালকদল-সহ ‘স্ট্যান্ডবাই’ রেক রাখা হবে।
এছাড়া ৮ থেকে ১৩ নভেম্বর প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত নৈহাটি জংশনের ১ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রেখে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চালানো হবে। পাশাপাশি ৮ নভেম্বর রবিবার হলেও সমস্ত শহরতলির ট্রেন সাধারণ কর্মদিবসের সময়সূচি মেনে চলবে এবং শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি এসি ইএমইউ লোকাল পরিষেবা চালু থাকবে। ফলে উৎসবের রাতে ট্রেন পরিষেবা নিয়ে শিয়ালদহ ডিভিশনের পুজোপ্রেমীদের আর চিন্তার কিছু রইল না।