দুর্গাপূজার বিপর্যয়ের পর সতর্ক কলকাতা, আজ থেকেই শহরে শুরু ৪ বাজিবাজার!

দুর্গাপূজার বিপর্যয়ের পর সতর্ক কলকাতা, আজ থেকেই শহরে শুরু ৪ বাজিবাজার!

 

কলকাতায় শুরু হচ্ছে বাজি বাজার, আজ থেকে কেনাকাটা

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: অনিবার্য কারণে এক দিন পিছিয়ে বুধবার থেকে কলকাতায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সরকার অনুমোদিত বাজি বাজার। বেহালা, কালিকাপুর, টালা পার্ক ও শহিদ মিনার—এই চারটি স্থানে প্রতিবারের মতো এবারও সবুজ বাজি বিক্রির জন্য বিশেষ বাজার বসেছে।

বুধবার বেলা ১১টার পর কলকাতার পুলিশ কমিশনার শহিদ মিনারের বাজি বাজার পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এরপর থেকেই সাধারণ ক্রেতাদের জন্য এই বাজারগুলো খুলে দেওয়া হবে। উৎসবের মরসুমে এই বাজারগুলি আগামী ৮ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

নিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আয়োজকরা জানিয়েছেন, প্রতিটি বাজারে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে। শহিদ মিনার বাজারের অন্যতম উদ্যোক্তা শান্তনু দত্ত জানান, এ বছর মাঠ পেতে কিছুটা দেরি হওয়ায় বাজার শুরু করতে কিছুটা সময় লেগেছে। তবে নিরাপত্তার জন্য তারা নিজস্ব উদ্যোগে ‘ফায়ার বাইক’-এর ব্যবস্থাও রেখেছেন। টালা বাজি বাজারের উদ্যোক্তা শুভঙ্কর মান্না জানান, ৪৮টি দোকান নিয়ে সাজানো এই বাজারে সুরক্ষার খাতিরে অতিরিক্ত গেট নির্মাণ করা হয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, এবছর থেকে সবুজ বাজিতে কিউআর কোডের বদলে বৈধ প্রস্তুতকারক সংস্থাগুলোর তালিকা দোকানগুলোতে প্রদর্শন করা হবে। বাজি বাজার নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেলেও, প্রশাসনের কড়া নির্দেশ অনুযায়ী এখানে শুধুমাত্র ‘সবুজ বাজি’ই বিক্রি করা হচ্ছে।

প্রসঙ্গত, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, কালীপুজোর রাতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং ছট পুজোর দিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে কেবল সবুজ বাজি পোড়ানো যাবে। অন্য কোনো সময় বাজি পোড়ানো আইনত দণ্ডনীয় বলে গণ্য হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *