পাকিস্তানের ধোঁয়ায় কি বিষাক্ত হচ্ছে দিল্লির বাতাস? নাসার রিপোর্টে বিস্ফোরক তথ্য!

দীপাবলির আগেই তীব্র বায়ুদূষণের চাদরে ঢেকেছে ভারতের রাজধানী দিল্লি। মাত্র চার দিনের ব্যবধানে শহরের বায়ুর গুণমান সূচক (AQI) ১২৪ থেকে ৪০০ ছাড়িয়ে বিপজ্জনক স্তরে পৌঁছেছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রায় তৈরি করেছে চরম উদ্বেগ। পরিবেশের এমন সংকটজনক মুহূর্তে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘ফার্মস’ স্যাটেলাইটের সাম্প্রতিক তথ্য সামনে আসায় দূষণের নেপথ্যে প্রতিবেশী দেশ পাকিস্তানের ভূমিকা নিয়ে নতুন করে বড় বিতর্ক শুরু হয়েছে।
নাসার তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারতের তুলনায় চার গুণেরও বেশি খড় পোড়ানোর ঘটনা ঘটেছে। আবহাওয়া দপ্তরের মতে, উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত বাতাসের কারণে সীমান্তবর্তী দেশের এই ধোঁয়া সরাসরি হরিয়ানা হয়ে দিল্লি-এনসিআরে প্রবেশ করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, শুধুমাত্র পাকিস্তানের ধোঁয়াই নয়; বরং দিল্লির স্থানীয় যানবাহন, নির্মাণকাজের ধূলিকণা এবং উৎসবের বাজি পোড়ানোও পরিস্থিতিকে আরও মারাত্মক করে তুলছে।