স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে বসে খুনি স্বামী! গঙ্গারামপুরে রক্ত হিম করা কাণ্ড!

স্ত্রীর কাটা মাথা কোলে নিয়ে মন্দিরে বসে খুনি স্বামী! গঙ্গারামপুরে রক্ত হিম করা কাণ্ড!

 

স্ত্রীর খণ্ডিত মাথা নিয়ে ঠাকুরঘরে বসে স্বামী, গঙ্গারামপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড

গঙ্গারামপুর: স্ত্রীকে নৃশংসভাবে খুনের পর তাঁর খণ্ডিত মাথা নিয়ে বাড়ির ঠাকুরঘরে বসে থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গৃহবধূর নাম সীমা সরকার ঘোষ (৩৫)। অভিযুক্ত স্বামীর নাম রিন্টু ঘোষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে রিন্টু ঘোষের বাড়ির উঠোনে ওই মর্মান্তিক দৃশ্য চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। তাঁরা দেখেন, স্ত্রীকে খুনের পর তাঁর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে বাড়ির মন্দিরে বসে রয়েছেন রিন্টু। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও এসডিপিও।

পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারের সময়ও অভিযুক্তের মধ্যে কোনো অনুশোচনা বা ভীতি লক্ষ্য করা যায়নি। পুলিশ কর্মীরা তাঁকে আটক করার সময়ও তিনি এক হাতে স্ত্রীর কাটা মাথার চুলের মুঠি শক্ত করে ধরে ছিলেন। এই অবস্থাতেই তাঁকে টেনেহিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়। পুলিশ মস্তকবিহীন দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃতার পরিবার ও প্রতিবেশীদের দাবি, আগে স্টেট ট্রান্সপোর্টে কন্ডাক্টরের কাজ করা রিন্টু পরবর্তীকালে ব্যবসা শুরু করেন। তবে কয়েক বছর ধরে তিনি সবকিছু গুটিয়ে নিয়ে নিরামিষভোজী হয়ে পড়েন এবং ধর্মকর্মে মন দেন। পরিবারের অভিযোগ, গত কিছুদিন ধরে তিনি তন্ত্রসাধনার প্রতি ঝুঁকেছিলেন। মৃতার কাকা রাজেশ প্রামাণিক জানান, এমন বর্বরোচিত ঘটনা এলাকায় নজিরবিহীন। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দাম্পত্য কলহ নাকি তন্ত্রসাধনার কোনো চর্চা—ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তের মানসিক অবস্থাও পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *