কেন্দ্রের বড় পদক্ষেপ, সোশ্যাল মিডিয়ার ‘সেফ হারবার’ সুরক্ষা তুলে দেওয়ার ভাবনা, ফেসবুক ও এক্সের বদলাচ্ছে ব্যবসার ধরন

ফেসবুক, ইউটিউব ও এক্সের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ব্যবহারকারীদের পোস্ট করা কনটেন্টের আইনি দায়মুক্তি বা সেফ হারবার সুবিধা তুলে দেওয়ার কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে কেন্দ্রীয় সরকার। তথ্যপ্রযুক্তি আইনের ৭৯ নম্বর ধারায় ইন্টারনেট মধ্যস্থতাকারী সংস্থাগুলিকে যে আইনি সুরক্ষা দেওয়া হয়, তা পর্যালোচনা করে দেখছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সরকারের যুক্তি, এই মাধ্যমগুলি কেবল তথ্য আদানপ্রদানের মাধ্যম নয়, বরং অ্যালগরিদম ও নিজস্ব নির্দেশিকা দিয়ে কনটেন্ট নিয়ন্ত্রণ করে, ফলে বিষয়বস্তুর উপর তাদেরও সম্পাদকীয় নিয়ন্ত্রণ রয়েছে।
শিশুর সুরক্ষা, ডিপফেক রোধ এবং প্রযুক্তিগত পরিবর্তনগুলির ক্ষেত্রে আগাম সরকারি অনুমোদনের নতুন নিয়ম চালুর প্রস্তাবও এই চিন্তাভাবনার অংশ। যদিও বিষয়টি এখনও প্রাথমিক আলোচনার স্তরে রয়েছে, তবে এই প্রস্তাব চূড়ান্ত হলে ভারতে বিশ্বের প্রযুক্তি জায়ান্টগুলির কাজের ধরন ও ব্যবসায়িক মডেলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।