পঞ্চায়েত দপ্তরে বিশাল নিয়োগ, চাকরি প্রার্থীদের জন্য এল দুর্দান্ত সুখবর!

পঞ্চায়েত দপ্তরে বিশাল নিয়োগ, চাকরি প্রার্থীদের জন্য এল দুর্দান্ত সুখবর!

 

পঞ্চায়েত দফতরে ৭২০০ কর্মী নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, সংশোধন হতে পারে পঞ্চায়েত আইন

নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে বড়সড় নিয়োগের ঘোষণা করা হয়েছে। প্রথম পর্যায়ে এই দফতরে মোট ৭২০০ জন নতুন কর্মী নিয়োগ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের (PSC) মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পাশাপাশি, চুক্তিভিত্তিক আরও ১০০০ কর্মী নিয়োগের পরিকল্পনাও গ্রহণ করেছে রাজ্য সরকার।

বুধবার সল্টলেকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সদর কার্যালয়ে আয়োজিত এক জরুরি পর্যালোচনা বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এবং সংশ্লিষ্ট দফতরের প্রতিমন্ত্রী। বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার বিডিও-দের কাছ থেকে কাজের রিপোর্ট নেওয়া হয় এবং প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়।

সূত্রের খবর, প্রশাসনিক কাজের পরিধি বাড়াতে রাজ্য সরকার পঞ্চায়েত আইনে বড়সড় সংশোধনী আনার পরিকল্পনা নিয়েছে। সেই লক্ষ্যে আগামী কালীপুজোর পর বিধানসভায় একটি বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা রয়েছে, যেখানে আইন সংশোধন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। এছাড়া, পঞ্চায়েত দফতরের পরিকাঠামো উন্নয়নের জন্য নতুন ভবন তৈরির উদ্দেশ্যে দফতরকে পাঁচ একর জমি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, সরকারি প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য। সরকারি তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ৩১ লক্ষ ভুয়ো জব কার্ড চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। উপভোক্তাদের তথ্য যাচাই, আধার সংযুক্তিকরণ এবং ই-কেওয়াইসি প্রক্রিয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

বর্তমানে রাজ্যের ৩,৩৯৩টি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—গ্রামীণ রাস্তা নির্মাণ, পুকুর সংস্কার, বৃক্ষরোপণ এবং স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন। রাজ্য সরকারের লক্ষ্য, দৈনিক শ্রমদিবসের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *