এক ধাক্কায় ২ ডিগ্রি নামল কলকাতার পারদ, কালীপুজোর পর ফের বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। ২৪ ঘণ্টার মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২.৩ ডিগ্রি কমে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা কমে হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিনে রাতে পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কালীপুজোর দিন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার থেকে বঙ্গোপসাগরে সম্ভাব্য নতুন নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে।
সোমবার থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের নিম্নচাপের গতিপথের ওপর বৃষ্টির বিস্তার নির্ভর করবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত আবহাওয়া স্থিতিশীল থাকবে এবং আগামী কয়েক দিন সেখানে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সব মিলিয়ে উৎসবের দিনে বড় আবহাওয়াজনিত বাধা না থাকলেও সপ্তাহের শুরুতেই ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।