পিছিয়ে যাচ্ছে ২০২৭-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক! পাঠ্যক্রমে বড় বদল ও জনগণনার কারণেই এই সিদ্ধান্ত

ফের পিছিয়ে গেল রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশজুড়ে জনগণনার কাজে শিক্ষক ও শিক্ষাকর্মীরা যুক্ত থাকায়, পূর্বনির্ধারিত সূচিতে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। পর্ষদ ও শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষা ২ মার্চ থেকে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা ২২ মার্চ দোলযাত্রার পর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কেন্দ্রীয় নির্দেশিকা ও জনগণনার কথা মাথায় রেখেই পরীক্ষার দিনক্ষণ পুনর্বিবেচনা করা হয়েছে, যা নিয়ে শিক্ষকমহলের একাংশে ক্ষোভও তৈরি হয়েছে।
পরীক্ষার সূচি বদলের পাশাপাশি স্কুলপাঠ্যক্রমেও একাধিক বড় পরিবর্তনের ঘোষণা করেছে রাজ্য সরকার। সপ্তম ও অষ্টম শ্রেণিতে ২০২৭ সাল থেকে রোবোটিক্স, এআই ও কোডিং সম্বলিত কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। পাশাপাশি সরকারি পাঠ্যবইয়ে সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ ও সংবিধানের প্রস্তাবনা এবং পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাঠ্যবই থেকে বাদ দেওয়া হচ্ছে সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ।