‘সকাল ১১টাতেও মুখে মদের গন্ধ!’ ভগবন্ত মানকে বিস্ফোরক আক্রমণ রাহুলের, তীব্র পাল্টা তোপ আপ-এর

২০২৭ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তীব্র ব্যক্তিগত আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার সংগ্রুরে কংগ্রেসের ‘ইনসাফ র্যালি’ থেকে তিনি অভিযোগ করেন, লোকসভায় সাংসদ থাকাকালীন সকাল ১১টার সময়ও মানের মুখ থেকে মদের গন্ধ পাওয়া যেত। রাহুল প্রশ্ন তোলেন, একজন মুখ্যমন্ত্রী নিজে নেশাগ্রস্ত থাকলে তিনি রাজ্যকে কীভাবে মাদকমুক্ত করবেন? পাশাপাশি, পাঞ্জাবের আইনশৃঙ্খলা ও মাদক সমস্যা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কটাক্ষ করেন তিনি।
রাহুলের এই বিস্ফোরক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছে আম আদমি পার্টি (AAP)। দলের নেতা সৌরভ ভরদ্বাজ একে ‘নিম্নরুচির আক্রমণ’ আখ্যা দিয়ে বলেন, একজন জাতীয় নেতার থেকে এমন সস্তা বক্তব্য প্রত্যাশিত নয়। পাল্টা রাহুলের বিরুদ্ধে অভিযোগ তুলে আপ দাবি করে, বিজেপি ও কংগ্রেস হাত মিলিয়ে পাঞ্জাবকে নিশানা করছে। জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের শরিক হলেও, এই ঘটনা ২০২৭-এর নির্বাচনের আগে পাঞ্জাবে কংগ্রেস ও আপ-এর মধ্যকার রাজনৈতিক তিক্ততা বহুগুণ বাড়িয়ে দিল।