মোদী-বিরোধী অবস্থানের মাশুল! হাতছাড়া বড় সিনেমা, অপূরণীয় ক্ষতির মুখে প্রকাশ রাজ?

মোদী-বিরোধী অবস্থানের মাশুল! হাতছাড়া বড় সিনেমা, অপূরণীয় ক্ষতির মুখে প্রকাশ রাজ?

 

রাজনৈতিক মতাদর্শের জেরে পেশাগত ক্ষতি, মুখ খুললেন প্রকাশ রাজের স্ত্রী পনি ভার্মা

নিজস্ব প্রতিবেদক: প্রখ্যাত অভিনেতা প্রকাশ রাজের স্পষ্টবাদী ও আপসহীন স্বভাবের কারণে পরিবারকে যে মানসিক আতঙ্ক ও পেশাগত ক্ষতির মুখে পড়তে হয়েছে, তা নিয়ে প্রথমবার মুখ খুললেন তাঁর স্ত্রী পনি ভার্মা। সামাজিক ও রাজনৈতিক বিষয়ে স্বামীর নির্ভীক অবস্থানের নেপথ্যের গল্প এবং এর ফলে তাঁদের ব্যক্তিগত জীবনে নেমে আসা প্রভাব নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি।

পনি ভার্মা জানান, সাংবাদিক গৌরী লঙ্কেশের মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর প্রকাশের পর তাঁদের জীবনে এক গভীর আতঙ্কের সৃষ্টি হয়েছিল। গৌরী লঙ্কেশের মতো স্পষ্টবাদী হওয়ার কারণে প্রকাশ রাজের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন ছিলেন। তবে পনির কথায়, গৌরীজির মৃত্যু প্রকাশের মানসিকতায় বড় ধরনের পরিবর্তন আনে। তিনি জানান, সেই সময় প্রকাশ তাঁকে প্রশ্ন করেছিলেন, “আমরা আর কত দিন ভয়ের মধ্যে বাঁচব?” স্বামীর এই আত্মবিশ্বাসই পনির মনের ভয় দূর করতে সাহায্য করে।

পনি ভার্মার দাবি, নিজের রাজনৈতিক মতাদর্শের জন্য প্রকাশ রাজকে বড় ধরনের পেশাগত মূল্য চোকাতে হয়েছে। তাঁর কথায়, রাজনৈতিক মতপার্থক্যের কারণে প্রকাশকে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিকবার নিষিদ্ধ হওয়ার মুখে পড়তে হয়েছে। এমনকি অনেক প্রযোজক অগ্রিম অর্থ প্রদানের পরও রাজনৈতিক চাপের মুখে পড়ে তাঁকে ছবি থেকে সরিয়ে দিয়েছেন। এছাড়া অনেক লোভনীয় বিজ্ঞাপনের সুযোগও হাতছাড়া হয়েছে অভিনেতার।

ইন্ডাস্ট্রির অন্য তারকাদের প্রসঙ্গে পনি জানান, অন্যদের ওপর তাঁর কোনো ক্ষোভ নেই। তবে প্রকাশ রাজের উদ্দেশ্য কেবল সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। পনি বলেন, “ও শুধু চায় দেশের প্রতিটি প্রান্তে ভালো স্কুল ও হাসপাতাল গড়ে উঠুক। দেশের অন্যান্য বিষয়ের তুলনায় এই মৌলিক চাহিদাগুলোর প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। ওর এই আদর্শের সঙ্গে আমি একমত।”

চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে দেশের শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার পক্ষে সোচ্চার হওয়ার কারণে প্রকাশ রাজ অনেকের কাছেই অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। কঠিন সময়ে স্বামীর এই লড়াইয়ে ছায়ার মতো পাশে থাকার কথা জানিয়েছেন পনি ভার্মা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *