পাকিস্তান তো বটেই, এবার বাংলাদেশ থেকেও এই অঞ্চলগুলো ফেরত চাই! বিস্ফোরক বিজেপি সাংসদ

পাক অধিকৃত কাশ্মীরের পাশাপাশি নোয়াখালি, সিলেট ও চট্টগ্রাম পুনরুদ্ধারের দাবি নিশিকান্ত দুবের
নিজস্ব প্রতিবেদন: পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত করার দাবির পাশাপাশি এবার বাংলাদেশের নোয়াখালি, সিলেট এবং চট্টগ্রাম বন্দর পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে সরব হলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশভাগের সময়ের একাধিক ঐতিহাসিক সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।
নিশিকান্ত দুবের দাবি, দেশভাগের সময় তৎকালীন তিপ্রা রাজ্যের (বর্তমান ত্রিপুরা) অন্তর্ভুক্ত নোয়াখালি, সিলেট ও চট্টগ্রাম বন্দরের ভূখণ্ড ভারতের অংশ হওয়া উচিত ছিল। তিনি অভিযোগ করেন, তৎকালীন ত্রিপুরার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য দেশভাগের সময় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। বিজেপি সাংসদের বক্তব্য অনুযায়ী, মহারাজা প্রশ্ন তুলেছিলেন যে, তাঁর রাজ্যের ভূখণ্ড নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেহরুর নেই। তিনি নোয়াখালি পাকিস্তানের হাতে তুলে দেওয়া এবং সিলেট ও চট্টগ্রামে গণভোট আয়োজনের সিদ্ধান্তের তীব্র আপত্তি জানিয়েছিলেন।
১৯৪৬ সালের নোয়াখালির সাম্প্রদায়িক হিংসার প্রসঙ্গ টেনে নিশিকান্ত দুবে কংগ্রেস নেতৃত্বের ভূমিকার সমালোচনা করেন। তাঁর অভিযোগ, সেই সময় কংগ্রেস অন্তর্বর্তী সরকারে মুসলিম লিগকে অন্তর্ভুক্ত করার বিষয়ে বেশি আগ্রহী ছিল, ফলে নোয়াখালির হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। তিনি দাবি করেন, সে সময় নোয়াখালিতে ব্যাপক গণহত্যা হয়েছিল।
সাংসদের বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো চট্টগ্রাম বন্দর। তাঁর মতে, দেশভাগের সময় চট্টগ্রাম বন্দর ভারতের হাতছাড়া হওয়ার ফলে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তিনি দাবি করেন, চট্টগ্রাম বন্দর ভারতের দখলে থাকলে উত্তর-পূর্বাঞ্চলের খনিজ ও প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার এবং বাণিজ্যের প্রসার ঘটানো সম্ভব হতো।
এছাড়া, সিলেটের গণভোট প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিশিকান্ত দুবে উল্লেখ করেন, সর্দার বল্লভভাই পটেলের উদ্যোগে ১৯৪৮ সালের অক্টোবরে মহারানি কাঞ্চনপ্রভা দেবীর স্বাক্ষরের মাধ্যমে ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হয়। কিন্তু দেশভাগের সময় ত্রিপুরা রাজপরিবারের দাবিগুলোকে নেহরু সরকার গুরুত্ব দেয়নি বলে তাঁর অভিযোগ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিশিকান্ত দুবের এই মন্তব্য বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দেশভাগের ইতিহাস নিয়ে নতুন করে বিতর্কের সূচনা করতে পারে। তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।