সারাদিন ঘুমিয়েই লাখপতি! দু’মাসের স্লিপ ইন্টার্নশিপে তরুণীর পকেটে এল প্রায় ১০ লাখ টাকা!

সারাদিন ঘুমিয়েই লাখপতি! দু’মাসের স্লিপ ইন্টার্নশিপে তরুণীর পকেটে এল প্রায় ১০ লাখ টাকা!

 

ওয়েকফিটের ‘স্লিপ ইন্টার্নশিপ’ জয় করলেন জিনিয়া চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: ওয়েকফিট আয়োজিত জনপ্রিয় ‘স্লিপ ইন্টার্নশিপ’-এর পঞ্চম মরশুমের বিজয়ী নির্বাচিত হয়েছেন জিনিয়া চট্টোপাধ্যায়। পুরস্কার হিসেবে তিনি জিতে নিয়েছেন ৯.৬ লক্ষ টাকা এবং স্পনসর করা ছুটি কাটানোর সুযোগ।

২০১৯ সালে শুরু হওয়া এই অভিনব প্রতিযোগিতায় এ বছর সারা দেশ থেকে দুই লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে চূড়ান্ত পর্যায়ের জন্য মাত্র ১০ জনকে বাছাই করা হয়। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, টানা ৬০ দিন প্রতিযোগীদের ঘুমের ধরন, অভ্যাসের নিয়মিততা এবং গুণমানের ওপর ভিত্তি করে স্কোর প্রদান করা হয়েছে।

ঘুমের মূল্যায়নের পাশাপাশি প্রতিযোগীদের সৃজনশীলতা ও উপস্থিত বুদ্ধির পরীক্ষা নিতে প্রতি সপ্তাহে বিভিন্ন মজাদার চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘স্লিপ সিনেমা’, ‘স্লিপ বিঙ্গো’ এবং ‘আন্ডারকভার স্লিপ মিশন’-এর মতো পর্ব। প্রতিটি সপ্তাহে সেরা পারফরমারকে ‘প্রো স্লিপার অফ দ্য উইক’ খেতাবে ভূষিত করা হয়।

প্রতিযোগিতার শেষ পর্যায়ে জায়গা করে নেন রত্নগিরির মানিকন্দন, জিনিয়া চট্টোপাধ্যায়, মেহেক খোট এবং ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে ফিরে আসা হায়দরাবাদের করিম খান। গ্র্যান্ড ফিনালে ‘বিগ বেড’-এ স্মৃতিশক্তি, পর্যবেক্ষণ ক্ষমতা ও দলগত দক্ষতার পরীক্ষা নেওয়া হয়। এরপর ‘স্লিপ অকশন’-এর মাধ্যমে প্রয়োজনীয় ঘুমের সরঞ্জাম সংগ্রহের পর চলে শেষ রাতের চূড়ান্ত পরীক্ষা। সেই রাতের ঘুমের স্কোর বিচার করেই জিনিয়া চট্টোপাধ্যায়কে বিজয়ী ঘোষণা করা হয়।

সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রতিযোগিতার বিগত পাঁচটি মরশুম মিলিয়ে মোট ১০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে এবং ৬৫ জন ইন্টার্ন এক লক্ষ টাকা করে বৃত্তি পেয়েছেন। জীবনযাত্রায় ঘুমের গুরুত্ব এবং সুস্থ অভ্যাস গড়ে তোলার বার্তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছে ওয়েকফিট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *