তেজস ও রাফাল ওড়াতে তৈরি বায়ুসেনা! পাইলটদের প্রশিক্ষণে আসছে নতুন সুপারসনিক জেট?

ভারতীয় বায়ুসেনায় নতুন অ্যাডভান্সড জেট ট্রেইনার অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু, দৌড়ে এইচএএল-সহ বিশ্বের প্রথম সারির সংস্থা
নিজস্ব প্রতিবেদন: ভারতীয় বায়ুসেনার সক্ষমতা বাড়াতে নতুন প্রজন্মের ‘অ্যাডভান্সড জেট ট্রেইনার’ (AJT) সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রক। এই লক্ষ্যে সম্প্রতি ‘রিকোয়েস্ট ফর ইনফরমেশন’ (RFI) জারি করা হয়েছে। বায়ুসেনা সূত্রে খবর, নতুন এই বিমানগুলি বর্তমান ‘হক ১৩২’ (Hawk 132) স্কোয়াড্রনের বিকল্প হিসেবে নয়, বরং বহরের বাড়তি শক্তি হিসেবে যুক্ত হবে।
প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইচ্ছুক বিমান প্রস্তুতকারী সংস্থাগুলিকে ২০২৬ সালের নভেম্বর মাসের মধ্যে প্রাথমিক প্রস্তাব জমা দিতে হবে। ২০২৭ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ‘রিকোয়েস্ট ফর প্রপোজাল’ (RFP) জারি করার সম্ভাবনা রয়েছে। চুক্তি চূড়ান্ত হওয়ার পরবর্তী ৬০ মাসের মধ্যে বিমান সরবরাহের কাজ শুরু করতে হবে।
এই প্রতিযোগিতায় ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (HAL) বড় দাবিদার হিসেবে উঠে এসেছে। এইচএএল তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘HLFT-42’ অ্যাডভান্সড জেট ট্রেইনারকে এই লড়াইয়ে নামাচ্ছে। ১৬.৫ টন ওজনের এই বিমানটির নকশা তেজস যুদ্ধবিমানের প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত। আগামী ‘অ্যারো ইন্ডিয়া ২০২৭’ প্রদর্শনীতে এর স্কেল মডেল আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার পরিকল্পনা রয়েছে সংস্থার।
তবে এই দৌড়ে ভারতের সমান্তরালে রয়েছে বিশ্বের প্রথম সারির কয়েকটি সংস্থা। তালিকায় রয়েছে ইতালির লিওনার্দো (M-346), দক্ষিণ কোরিয়ার কোরিয়া এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ (T-50), আমেরিকার বোয়িং (T-7A) এবং রাশিয়ার ইয়াকোভলেভ (Yak-130)।
নতুন ট্রেইনার বিমানের প্রয়োজনীয়তা কেন?
ভারতীয় বায়ুসেনা ভবিষ্যতে তেজস মার্ক-২ এবং পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান ‘এএমসিএ’ (AMCA) অন্তর্ভুক্ত করতে চলেছে। যেহেতু এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলির কোনো দ্বিসিট বিশিষ্ট ট্রেইনার ভ্যারিয়েন্ট থাকবে না, তাই পাইলটদের সরাসরি এই শক্তিশালী জেটে বসার আগে উচ্চগতির এবং আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণের জন্য একটি উন্নত ‘স্টেজ-৩’ জেট ট্রেইনারের প্রয়োজন।
বিশেষজ্ঞদের মতে, এই বিমানগুলি অন্তর্ভুক্ত হলে ভারতীয় পাইলটরা আধুনিক আকাশযুদ্ধের জটিল কৌশলে আরও দক্ষ হয়ে উঠবেন, যা সামগ্রিকভাবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে।