বারুইপুর ও গাইঘাটার পর এবার রায়গঞ্জ! পুলিশের এনকাউন্টারে খতম ধর্ষণ-খুনে অভিযুক্ত!

বারুইপুর ও গাইঘাটার পর এবার রায়গঞ্জ! পুলিশের এনকাউন্টারে খতম ধর্ষণ-খুনে অভিযুক্ত!

 

নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযুক্তের মৃত্যু পুলিশের গুলিতে, রায়গঞ্জে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। সোমবার ভোররাতে রায়গঞ্জ থানার পুলিশের সঙ্গে ‘এনকাউন্টার’-এ তার মৃত্যু হয়। পুলিশের দাবি, আত্মরক্ষার্থেই তারা পাল্টা গুলি চালাতে বাধ্য হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর কুলিকের জঙ্গল থেকে এক নাবালিকার পচাগলা দেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার তিন দিন পর উদ্ধার হওয়া ওই নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় দিলীপ রায়ের নাম উঠে আসে। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। তদন্তকারীদের অনুমান ছিল, অভিযুক্ত বিহার সীমান্তে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করছে।

সোমবার ভোর সাড়ে ৩টে নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায়। পুলিশের দাবি, তাদের উপস্থিতি টের পেয়েই পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালান দিলীপ। এরপর আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দিলীপ গুলিবিদ্ধ হলে তাকে দ্রুত রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যে পুলিশি এনকাউন্টারের ঘটনা নতুন নয়। এর আগে বারুইপুরে ১২ বছরের নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, গাইঘাটায় কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রহ্লাদ দাস এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিজেপি কর্মী সুজিত মণ্ডল খুনের ঘটনায় অভিযুক্ত সামাউল হকের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। সবকটি ক্ষেত্রেই পুলিশের দাবি, অভিযুক্তরা রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে বা আক্রমণ করলে পুলিশ পাল্টা গুলি চালায়। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই আইনি নিয়ম মেনে বিচারবিভাগীয় তদন্তের প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *