মাত্র আট বছর বয়সেই অসাধ্য সাধন, অন্নপূর্ণা বেস ক্যাম্প জয় করে নজির গড়ল খুদে স্মিতরাজ!

অন্নপূর্ণা বেস ক্যাম্পে পাড়ি কনিষ্ঠতম পর্বতারোহী স্মিতরাজের
নিজস্ব প্রতিবেদন: হিমালয়ের দুর্গম পথ পাড়ি দিয়ে নজির গড়ল স্মিতরাজ নামে এক খুদে পর্বতারোহী। হুগলির ভদ্রকালী পদাতিক ক্লাবের ১৫ জনের একটি দলের সদস্য হিসেবে অন্নপূর্ণা বেস ক্যাম্পে সফলভাবে পৌঁছেছে সে। এই অভিযানে তার সঙ্গী ছিলেন তার বাবা-মাও।
গত ১ নভেম্বর কলকাতা থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দলটি। এরপর ৪ নভেম্বর গান্ধ্রুক থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্পের মূল ট্রেকিং শুরু হয়। তিন দিনের কঠিন ও শারীরিক কসরতপূর্ণ যাত্রা শেষে শনিবার স্মিতরাজরা বেস ক্যাম্পে পৌঁছান।
স্মিতরাজের বাবা, পেশায় আইনজীবী সুমন দে জানান, এটিই ছেলের প্রথম ট্রেকিং অভিযান। এর আগে সে শুশুনিয়া পাহাড়ে রক ক্লাইম্বিংয়ের প্রশিক্ষণ নিয়েছিল। এই অভিযানের জন্য গত দেড় মাস ধরে বিশেষ প্রস্তুতি নিয়েছে সে। নিয়মিত যোগব্যায়াম, সিঁড়ি দিয়ে ওঠানামা এবং শারীরিক কসরতের পাশাপাশি ফুটবল ও ক্যারাটে প্রশিক্ষণের অভিজ্ঞতা তাকে এই দুর্গম পথে টিকে থাকতে সাহায্য করেছে।
সাধারণত এত কম বয়সী শিশুদের এমন কঠিন ট্রেকিংয়ে নিরুৎসাহিত করেন বিশেষজ্ঞরা। তবে দলের লিডার প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের পরামর্শে ও কঠোর প্রশিক্ষণের ওপর ভর করে স্মিতরাজ এই অসাধ্য সাধন করেছে। স্মিতরাজের বাবা আরও জানান, প্রতিকূল আবহাওয়া ও শারীরিক ক্লান্তি থাকা সত্ত্বেও দলের সবার সঙ্গে তাল মিলিয়ে সে সফলভাবে যাত্রা সম্পন্ন করেছে। পথে দেশ-বিদেশের বহু পর্বতারোহী তাকে দেখে বিস্মিত হয়েছেন এবং অনেকেই তার এই অসামান্য সাহসিকতার প্রশংসা করে সাক্ষাৎকারও নিয়েছেন।
দলের কনিষ্ঠতম সদস্য হিসেবে এই কৃতিত্ব স্মিতরাজকে এক বিশেষ উচ্চতায় নিয়ে গেছে, যা তার পরিবারের সদস্যদের জন্যও অত্যন্ত গর্বের বিষয়।