মদ্যপানের আসরে ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, গ্রেপ্তার প্রেমিকা ও তাঁর মা

মদ্যপানের আসরে ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, গ্রেপ্তার প্রেমিকা ও তাঁর মা

বারাসতের ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু: প্রেমিকা ও তাঁর মা গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদন: বারাসতের বাসিন্দা এক ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিকা সঞ্চালিকা বসু ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেপ্তার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম সার্থক সরকার। পেশায় ইঞ্জিনিয়ার সার্থকের সঙ্গে বছরখানেক আগে এক বন্ধুর মাধ্যমে সঞ্চালিকার পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত দু’বছর ধরে সঞ্চালিকার মা নরেন্দ্রপুরের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করছিলেন। সার্থক নিয়মিত ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন এবং মাঝে মাঝে সেখানে রাত্রিযাপনও করতেন। ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। ওই ফ্ল্যাটে সার্থক, সঞ্চালিকা ও মৌমিতা দেবী মদ্যপানের আসর বসান। সেই সময় সার্থক ও সঞ্চালিকার মধ্যে কোনো বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। প্রাথমিকভাবে মৌমিতা দেবী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও, গভীর রাতে ফের চিৎকার-চেঁচামেচি শুরু হয়। প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন, সার্থক বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে আছেন এবং মৌমিতা দেবীর গলায় আঁচড়ের দাগ রয়েছে। তড়িঘড়ি সার্থককে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের বাবা সুজয় সরকার জানান, রাতে সঞ্চালিকা তাঁর মেয়েকে ফোন করে ঘটনার খবর জানায়। পরিবারের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এটি পরিকল্পিত খুনের ঘটনা। অভিযুক্ত মা ও মেয়ের দাবি, অতিরিক্ত মদ্যপানের ফলে সার্থক দুর্ঘটনাবশত চশমার ওপর পড়ে যান এবং চশমার ভাঙা কাচ শরীরে ঢুকে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে। তবে এই দাবি মানতে নারাজ তদন্তকারীরা। পুলিশের ভাষ্যমতে, সার্থকের শরীরের ডান দিকে কলার বোনের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বারুইপুর পুলিশ জেলার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে তৃতীয় কোনো ব্যক্তি জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *