দেশে ফিরতে মরিয়া শেখ হাসিনা: এবার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন!

নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক:
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে আবেদন করেছেন। লন্ডনভিত্তিক ল’ ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এই আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। বিষয়টি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার তার কূটনৈতিক লাল পাসপোর্ট ও সাধারণ পাসপোর্ট বাতিল করে। বর্তমানে বৈধ কোনো পাসপোর্ট না থাকায় দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
লন্ডনভিত্তিক ওই ল’ ফার্মের আইনজীবীরা তাদের চিঠিতে উল্লেখ করেছেন, শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, তার নাগরিক অধিকারের ভিত্তিতে নতুন নথিপত্র ইস্যু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।
তবে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল পর্যন্ত তারা এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক আবেদনপত্র হাতে পাননি।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় ডিসেম্বরের কথা উল্লেখ করা হয়েছে। দলটির সাংগঠনিক সম্পাদক এস এম কামালসহ বেশ কয়েকজন নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, শেখ হাসিনা ডিসেম্বরেই দেশে ফিরতে ইচ্ছুক।
এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং পাসপোর্ট আবেদনের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা চলছে। বাংলাদেশ সরকার তাকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, তাকে ফেরত আনার জন্য পাসপোর্ট ইস্যু করার প্রয়োজন নেই। বরং দুই দেশের বিদ্যমান ‘প্রত্যর্পণ চুক্তি’র আওতায় বিচারিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, “সন্ত্রাসী বা অপরাধীদের ফেরাতে পাসপোর্ট লাগে না, এটি হস্তান্তরের বিষয়।”
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ ৬৬৩টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে একটি মামলায় তার মৃত্যুদণ্ডের সাজাও রয়েছে। এমন পরিস্থিতিতে দেশে ফেরার ঘোষণা ও নতুন পাসপোর্টের আবেদনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।