দীপাবলির রাতে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত পাঞ্জাব, প্রাণ গেল এক ব্যক্তির!

দীপাবলির রাতে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত পাঞ্জাব, প্রাণ গেল এক ব্যক্তির!

 

অমৃতসরে সোনা লেনদেনের বিবাদকে কেন্দ্র করে খুন, গুলিতে জখম পুলিশ অফিসার

নিজস্ব প্রতিবেদন, অমৃতসর: উৎসবের রাতে অমৃতসরের সুলতানউইন্ড রোড এলাকায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। সোনা লেনদেনের জেরে দুই পক্ষের সংঘর্ষের সময় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন প্রতাপ সিং নামে এক ব্যক্তি। সংঘর্ষ থামাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন বি-ডিভিশন থানায় কর্মরত অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) হর্নেক সিং। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও থমথমে পরিবেশ বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই প্রতাপ সিংয়ের সঙ্গে তাঁর পরিচিত কয়েকজনের সোনা লেনদেন সংক্রান্ত বিবাদ চলছিল। প্রায় ১৪০০ গ্রাম সোনা নিয়ে দুই পক্ষের মধ্যে তৈরি হওয়া এই অসন্তোষ মেটাতে একাধিকবার মধ্যস্থতার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। রবিবার রাতে বিষয়টি চরম আকার ধারণ করলে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এক পক্ষ থানায় অভিযোগ জানায়।

অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছান এএসআই হর্নেক সিং ও কনস্টেবল সাহেব সিং (সাবা)। পুলিশ পৌঁছাতেই অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পুলিশ কর্মীরা যখন অভিযুক্তদের ধরার চেষ্টা করেন, তখনই দুষ্কৃতীদের গুলিবর্ষণে এএসআই হর্নেক সিংয়ের উরুতে দুটি গুলি লাগে। ঘটনাস্থলেই গুলিতে লুটিয়ে পড়েন প্রতাপ সিং।

ঘটনার খবর পেয়ে বি-ডিভিশন থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রতাপ সিংকে মৃত ঘোষণা করেন। এএসআই হর্নেক সিং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উৎসবের রাতে হঠাৎ গুলির শব্দে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ঘটনার পর থেকেই পলাতক। তাদের গ্রেপ্তারে এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *