হরমুজ়-সঙ্কটের জেরে বড় পদক্ষেপ, তেলের খরচ কমাতে আস্ত জাহাজ কিনছে ইন্ডিয়ান অয়েল!

নিজস্ব জাহাজ বহর গড়ে জ্বালানি নিরাপত্তা জোরদারের পথে ইন্ডিয়ান অয়েল
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে জাহাজ ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি এবং হরমুজ প্রণালীর ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখতে বড় পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)। বিদেশ নির্ভরতা কমিয়ে জ্বালানি পরিবহণ ব্যবস্থা নিজের নিয়ন্ত্রণে আনতে নিজস্ব তেল ও গ্যাসবাহী জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
সম্প্রতি ইন্ডিয়ান অয়েলের ডিরেক্টর (ফিনান্স) অনুজ জৈন জানিয়েছেন, নিজস্ব জাহাজ কেনার প্রস্তাবে সংস্থার পরিচালন পর্ষদ ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। এর অংশ হিসেবে দরপত্র আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
বর্তমানে আইওসি সাধারণত টাইম-চার্টার (নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া) এবং ভয়েজ-চার্টার (নির্দিষ্ট যাত্রার জন্য ভাড়া) ব্যবস্থার ওপর নির্ভর করে জ্বালানি আমদানি করে। তবে আন্তর্জাতিক বাজারে জাহাজ ভাড়ার আকাশছোঁয়া দাম সংস্থার ওপর বড় অঙ্কের আর্থিক চাপ সৃষ্টি করেছে। অনুজ জৈনের দেওয়া তথ্য অনুযায়ী, টাইম-চার্টারে অপরিশোধিত তেল পরিবহণে ব্যারেল প্রতি খরচ ২ থেকে ২.৫০ ডলার হলেও, বর্তমান স্পট মার্কেটে তা ৮ থেকে ১০ ডলারে পৌঁছেছে। একইভাবে, এলপিজি পরিবহণের ক্ষেত্রে স্বাভাবিক ভাড়া টন প্রতি ৪০ ডলারের বদলে স্পট মার্কেটে ১৬০ থেকে ১৮০ ডলারে দাঁড়িয়েছে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহণ পথ। এই জলপথে যেকোনো অস্থিরতা ভারতের মতো আমদানিনির্ভর দেশের জ্বালানি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। এই পরিস্থিতির মোকাবিলায় আইওসি এখন তিনটি কৌশলের ওপর জোর দিচ্ছে— ভাড়া নেওয়া জাহাজের সংখ্যা বাড়ানো, নিজস্ব জাহাজের বহর গড়ে তোলা এবং দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে উৎসাহিত করা।
বিশেষজ্ঞদের মতে, আইওসির এই উদ্যোগ কেবল বাণিজ্যিক ব্যয়ের রাশ টানার উপায় নয়, বরং ভবিষ্যতের আন্তর্জাতিক সংঘাত ও সরবরাহ শৃঙ্খলের সংকট মোকাবিলায় ভারতের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিজস্ব জাহাজ বহর তৈরি হলে বিদেশি জাহাজ ভাড়ার ওপর নির্ভরতা অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে।