দুর্নীতি রুখতে ২০০ টাকার বেশি নোট নয়! বড় বার্তা চন্দ্রবাবু নাইডুর

বড় নোট বাতিলের পক্ষে সওয়াল চন্দ্রবাবু নাইডুর, রাজনীতিতে সংস্কারের ডাক অন্ধ্র মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন: নোট বাতিলের দশ বছর পূর্তির অব্যবহিত পরেই ডিজিটাল অর্থনীতি এবং প্রযুক্তিভিত্তিক শাসনের পক্ষে জোরালো সওয়াল করলেন তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দুর্নীতি নির্মূল করতে ৫০০, ১০০০ ও ২০০০ টাকার মতো বড় মূল্যের নোট বাজার থেকে তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাইডু বলেন, ‘ডিজিটাল কারেন্সি সংক্রান্ত বিষয়ে আমি আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রিপোর্ট জমা দিয়েছিলাম। লেনদেনের সুবিধার্থে শুধুমাত্র ১০০ টাকা ও ২০০ টাকার নোট চালু রাখাই বাঞ্ছনীয়।’ তিনি আরও বলেন, প্রযুক্তির সঠিক প্রয়োগ সম্ভব হলে দেশের সম্পদ বৃদ্ধি ও দারিদ্র্য দূর করা কোনো কঠিন কাজ নয়। প্রশাসনিক কাঠামোগত ত্রুটির সুযোগ নিয়ে দুর্নীতি মাথাচাড়া দেয় বলে উল্লেখ করে তিনি এ বিষয়ে লাগাম টানার ওপর জোর দেন।
কেবল অর্থনৈতিক সংস্কার নয়, দেশের নির্বাচনী রাজনীতিতে আমূল পরিবর্তনের ডাক দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। তিনি স্পষ্ট করেন যে, নির্বাচন কোনোভাবেই ‘টাকার খেলা’ হওয়া উচিত নয়, বরং এটি হওয়া প্রয়োজন জনসেবার মাধ্যম হিসেবে। নাইডুর কথায়, ‘এনডিএ জোট রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করেছে। নির্বাচনে নগদ টাকা বিলি করার সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি বন্ধ করতে আমরা সফল হয়েছি।’
মুখ্যমন্ত্রীর মতে, নির্বাচনে বিপুল অর্থ ব্যয়ের প্রবণতা থাকলে জেতার পর সেই টাকা উদ্ধারের এক কুপ্রবণতা তৈরি হয়। তিনি দাবি করেন, ভোটের খরচ কমাতে পারলে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে জবাবদিহিতার মনোভাব বৃদ্ধি পাবে এবং জনপ্রতিনিধিদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে। দীর্ঘ ২৪ বছর ধরে এই কুপ্রথা বন্ধের চেষ্টা করছেন জানিয়ে নাইডু আশা প্রকাশ করেন যে, ডিজিটাল লেনদেনের প্রসার এবং বড় নোট বাতিলের মতো পদক্ষেপ গ্রহণ করলে রাজনীতি ও সমাজ— উভয় ক্ষেত্র থেকেই দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।