এসএফআই স্টলে হামলা ও দেবলীনা হেমব্রমকে নিগ্রহ, উত্তাল বাঁকুড়া!

এসএফআই স্টলে হামলা ও দেবলীনা হেমব্রমকে নিগ্রহ, উত্তাল বাঁকুড়া!

 

বাঁকুড়ায় এসএফআই-এর বুক স্টলে তাণ্ডব, প্রাক্তন মন্ত্রীর মোবাইল ভাঙচুরের অভিযোগ

বাঁকুড়া: বাঁকুড়া শহরের ইস্কুলডাঙা এলাকায় সিপিআইএম জেলা পার্টি অফিসের উল্টোদিকে এসএফআই পরিচালিত একটি বুক স্টলে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। প্রয়াত ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের জন্মদিন উপলক্ষে ‘লালমাটির বৈঠকখানা’ নামে এই স্টলটি খোলা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

এসএফআই সূত্রে জানা গিয়েছে, কালীপুজোর পরের দিন দুপুরে আচমকাই চারজন দুষ্কৃতী স্টলে চড়াও হয়। অভিযোগ, তারা স্টলে রাখা বইপত্র, চেয়ার ও টেবিল ভাঙচুর করে রাস্তায় ছুড়ে ফেলে দেয়। ঘটনার খবর পেয়ে সিপিআইএমের জেলা সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম দলীয় নেতাদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অভিযোগ, সেই সময় দেবলীনা হেমব্রম ও অন্য নেতাদের ওপরও চড়াও হয় দুষ্কৃতীরা। এমনকি দেবলীনা হেমব্রমের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলারও অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাম শিবির। সিপিএম ও এসএফআই নেতৃত্বের দাবি, সুদীপ্ত গুপ্তের প্রতি শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি সহ্য করতে না পেরেই বিজেপি ও আরএসএস আশ্রিত দুষ্কৃতীরা এই পরিকল্পিত হামলা চালিয়েছে। এক এসএফআই কর্মী অভিযোগ করেন, দুষ্কৃতীরা সুদীপ্ত গুপ্তের ছবিতেও লাথি মেরেছে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে সংগঠন।

তবে বামেদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। বরং এটি বামেদের গোষ্ঠীদ্বন্দ্ব বা অভ্যন্তরীণ গোলমালের জের বলে পাল্টা মন্তব্য করেছে গেরুয়া শিবির।

ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কালীপুজোর মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ উঠছে। এই আবহে বাঁকুড়ার এই ঘটনায় এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *