বর্ধমান থেকে বাংলাদেশ, চুরি যাওয়া ফোন ফেরত পেতে যা করলেন এক ব্যক্তি!

পুলিশের আহ্বানে সাড়া, বাংলাদেশে চলে যাওয়া হারিয়ে যাওয়া ফোন ফেরত দিলেন বাংলাদেশি নাগরিক
বর্ধমান: প্রযুক্তিগত নজরদারি ও ব্যক্তিগত সততার এক অনন্য নজির দেখল বর্ধমান। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে হারিয়ে যাওয়া একটি দামি স্মার্টফোন বাংলাদেশের রাজশাহী থেকে উদ্ধার হলো। পুলিশের ডাকে সাড়া দিয়ে স্বয়ং সেই মোবাইল ফোনটি থানায় এসে জমা দিলেন বাংলাদেশের নাগরিক মোহাম্মদ আহাদ আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ জুন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে বাঁকুড়ার বাসিন্দা পায়েল ধারার একটি দামি স্মার্টফোন হারিয়ে যায়। এই ঘটনায় তিনি বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে বর্ধমান থানার পুলিশ সাইবার সেলের সাহায্য নেয়। প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় যে, ফোনটি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছেছে।
তদন্তে জানা যায়, বাংলাদেশের রাজশাহী জেলার নওদা এলাকার এক দোকান থেকে ফোনটি কিনেছিলেন মোহাম্মদ আহাদ আলী। পরবর্তীকালে চিকিৎসার প্রয়োজনে তিনি ভারতে আসেন এবং ওই ফোনে ভারতীয় সিম কার্ড ব্যবহার শুরু করেন। এই সূত্র ধরেই তদন্তকারীরা ফোনটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হন।
এরপর বর্ধমান থানার পুলিশ আহাদ আলীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাঁকে জানায়। ফোনটি যে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া সম্পত্তি, তা জানার পরই তিনি তদন্তে সহযোগিতার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুত অনুযায়ী, সোমবার আহাদ আলী নিজেই বর্ধমান থানায় উপস্থিত হন এবং ফোনটি পুলিশের হাতে তুলে দেন।
দুই দেশের পুলিশের সমন্বয় এবং একজন সাধারণ নাগরিকের সততায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার হওয়ায় বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে। বর্ধমান থানার পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফোনটি প্রকৃত মালিক পায়েল ধারার হাতে ফিরিয়ে দেওয়া হবে।