কালীপুজোয় বিসর্জনের কড়া প্রস্তুতি, জেনে নিন পুরসভার জরুরি নম্বর!

কলকাতায় বিসর্জনের প্রস্তুতি: ৩৩টি ঘাটে বিশেষ নজরদারি, কালীপুজোর রাতে গ্রেফতার ৫৯২
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: শহরের কালীপুজো বিসর্জন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে বিশেষ প্রস্তুতি সম্পন্ন করেছে কলকাতা পুরসভা ও পুলিশ প্রশাসন। এবছর কলকাতা পুলিশের অনুমতিপ্রাপ্ত ৩,৪০০টি কালীপুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য শহরজুড়ে ৩৩টি ঘাট নির্দিষ্ট করা হয়েছে। এর মধ্যে হুগলি নদীর তীরে ২১টি, আদিগঙ্গায় ৩টি এবং শহরের বিভিন্ন পুকুর ও জলাশয়ে ৯টি স্থান নির্ধারিত রয়েছে।
বিসর্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কলকাতা পুরসভা বিভিন্ন বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে। ঘাটগুলির পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে পার্ক ও স্কোয়ার, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং আলো বিভাগকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে বায়ো-টয়লেট স্থাপন ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ ডিউটি রোস্টার তৈরি করা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুরসভার তরফে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনে ০৩৩-২২৮৬-১২১২ / ১৩১৩ / ১৪১৪ অথবা ৯৮৩০৩-২৪৩৩০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
অন্যদিকে, কালীপুজোর রাতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে কলকাতা পুলিশ। উৎসবের রাতে শান্তিভঙ্গ ও আইন অমান্যের অভিযোগে মোট ৫৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর দায়ে ২০৫ জন এবং রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩৮৭ জনকে আটক করা হয়েছে। অভিযান চালিয়ে পুলিশ ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি ও ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছে।
ট্র্যাফিক আইন অমান্যের বিরুদ্ধেও ছিল কড়া নজরদারি। মোট ৫৯৩ জন চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। যার মধ্যে হেলমেটহীন বাইক চালানোর অভিযোগে ৪৫৪ জন, বেপরোয়া গাড়ি চালানোর জন্য ৭৫ জন এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৬৪ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
শহরের প্রতিটি মোড় ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিসর্জন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে সবরকম তৎপরতা জারি রয়েছে।