মুম্বই পালানোর ছক! বিমানবন্দর থেকে গ্রেপ্তার ক্যানিংয়ের প্রাক্তন বিধায়ক পরেশরাম দাস!

ক্যানিং পশ্চিমের প্রাক্তন বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার, বিমানবন্দর থেকে পাকড়াও পুলিশ
নিজস্ব প্রতিবেদন, বারুইপুর: ধর্ষণ, প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত ক্যানিং পশ্চিমের প্রাক্তন বিধায়ক পরেশরাম দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর আসে যে প্রাক্তন বিধায়ক বিমানযোগে মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই খবর পাওয়ার পরপরই বারুইপুর জেলা পুলিশের বিশেষ অপারেশন গ্রুপ (SOG) তাঁর পিছু নেয়। পরিস্থিতি বুঝে বিধাননগর পুলিশ কমিশনারেটের সাথে যোগাযোগ করে যৌথ অভিযানের মাধ্যমে দমদম বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তদন্তকারীদের দাবি, এর আগে সিআইডি দপ্তরে হাজিরা দিলেও তদন্ত এড়িয়ে শহর ছাড়ার ছক কষছিলেন তিনি।
ক্যানিং থানায় দায়ের হওয়া ৫৬১/২০২৪ নম্বর মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছিল। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত), ৪২০ (প্রতারণা), ১২০বি (অপরাধমূলক ষড়ষন্ত্র) এবং ৫০৬ (অপরাধমূলক হুমকি)-সহ বেশ কয়েকটি জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারির পর তাঁকে বারুইপুর জেলা পুলিশের সদর দপ্তরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, পরেশরাম দাসের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে হিংসা ছড়ানো, খুনের চেষ্টা ও অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া মাতলা নদীর চরের জমি দখল করে অবৈধ আশ্রম তৈরির অভিযোগও তাঁর বিরুদ্ধে সরব স্থানীয়রা। সম্প্রতি পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে সিআইডি তাঁকে ভবানী ভবনে তলব করেছিল। সেই সময় অসুস্থতার কারণ দেখিয়ে তদন্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আলিপুর আদালত ও হাই কোর্টের আইনি পর্যবেক্ষণের প্রেক্ষিতে এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।
এই প্রভাবশালী নেতার গ্রেপ্তারির ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে। যদিও পরেশরাম দাসের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।