হস্টেলে চিকিৎসকের রহস্যমৃত্যু, র‍্যাগিংয়ের অভিযোগে তোলপাড়!

হস্টেলে চিকিৎসকের রহস্যমৃত্যু, র‍্যাগিংয়ের অভিযোগে তোলপাড়!

 

মেধাবী চিকিৎসকের রহস্যমৃত্যু: র‍্যাগিংয়ে খুনের অভিযোগ পরিবারের, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: নাগেরবাজারে এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, বরং দীর্ঘদিনের র‍্যাগিং ও অমানবিক অত্যাচারের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিশ।

জানা গেছে, ২০১৮ সালে এনআরএস হাসপাতালে এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছিলেন অভিজিৎ। ২০২৪ সালে তিনি পাস করেন এবং ২০২৫ সালে তাঁর হাউসস্টাফশিপের মেয়াদ শেষ হয়। বর্তমানে এনআরএস হাসপাতালের সঙ্গে তাঁর সরাসরি কোনো প্রাতিষ্ঠানিক যোগাযোগ নেই বলেই হস্টেল কর্তৃপক্ষের দাবি।

অভিজিতের পরিবারের অভিযোগ, হস্টেলেই দীর্ঘদিন ধরে র‍্যাগিংয়ের শিকার হচ্ছিলেন তিনি। মৃতের বাবা জ্ঞানেন্দ্রনাথ সরকারের দাবি, “আমার ছেলের ওপর অমানুষিক নির্যাতন চালানো হতো। প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জোর করে আদায় করা হতো। ওকে নির্যাতন করেই মেরে ফেলা হয়েছে।” মৃতের দিদি পিয়ালি সরকারও এই মৃত্যুকে পরিকল্পিত খুন বলে দাবি করেছেন।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, মৃত্যুর ঠিক আগেই অভিজিৎ নিজের সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তার অভাব জানিয়ে বাঁচানোর আকুল আবেদন করেছিলেন। তাঁর এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে পরিবারের অভিযোগ অস্বীকার করেছে হস্টেল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, দীর্ঘ এক বছর ধরে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন অভিজিৎ। পারিবারিক কিছু সমস্যার কথাও তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।

সোমবার আরজি কর হাসপাতালে চিকিৎসকের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ ও শরীরে আঘাতের চিহ্ন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট, র‍্যাগিংয়ের অভিযোগ এবং আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখে তদন্তের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছে নাগেরবাজার থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *